অব্যবস্থাপনার ফলে ২৫-৩০ ভাগ সবজি নষ্ট হয়: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আলু ছাড়া দেশে বছরে প্রায় ৪০ লাখ টন শাকসবজি ও ৪৮ লাখ টন ফলমূল উৎপাদিত হয়। দেশে প্রচুর শাকসবজি ও ফলমূল উৎপাদিত হলেও প্রযুক্তিগত জ্ঞান ও সংরক্ষণ এবং অব্যবস্থাপনার ফলে বিপণন পর্যায়ে তা প্রায় শতকরা ২৫ থেকে ৩০ ভাগ নষ্ট হচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, এ ক্ষতি কমাতে কৃষি বিপণন অধিদপ্তরের মাধ্যমে বেশ কিছু কার্যক্রম বাস্তবায়িত হয়েছে এবং কিছু বাস্তবায়নাধীন রয়েছে।

আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সাংসদ এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

ফরিদপুর-১ আসনের সদস্য মনজুর হোসেনের প্রশ্নের জবাবে বনমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, দেশে সংরক্ষিত বনের আয়তন ১৮ লাখ ১৮ হাজার ২১৮ দশমিক ৭৯ একর। এই বন ভূমিতে ৩৯০ প্রজাতির বৃক্ষ আছে। যেমন : সুন্দরী, গেওয়া, গর্জন, সেগুন শাল ইত্যাদি।

স্বতন্ত্র সাংসদ মোহাম্মদ শহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে মো. শাহাব উদ্দিন বলেন, জনসংখ্যার তুলনায় ৩ গুণ গাছ ঢাকা শহরে নেই। রাজধানীকে পরিবেশ বিপর্যয় থেকে রক্ষার্থে ব্যাপক হারে গাছ লাগানোর লক্ষ্যে বন অধিদপ্তর কর্তৃক জাতীয় পর্যায়ে বৃক্ষ মেলার আয়োজন করা হয়ে থাকে। প্রতি বছর এ মেলায় প্রায় ১২ লাখ থেকে ১৩ লাখ বনজ, ফলজ এবং ঔষধি গাছের চারা বিক্রয় হয়ে থাকে।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা ইসলামের এক প্রশ্নের জবাবে বন ও পরিবেশ মন্ত্রী বলেন, দেশে তাপমাত্রা বৃদ্ধি রোধে বন অধিদপ্তরে আওতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং রাজস্ব বাজেটের আওতায় সড়ক, রেল ও বাঁধের পাশে প্রতিবছরই গাছ লাগানোর কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় চলতি অর্থ-বছরে বিভিন্ন সড়ক, রেল ও বাঁধের পাশের ১৩০০ কিলোমিটার বাগান সৃজন করা হচ্ছে।
সরকারি দলের সাংসদ হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, বিদেশে বাংলাদেশ বিমানের ট্রাভেল এজেন্টের সংখ্যা দুই হাজার ১৮৬। এর মধ্যে ১৮টি এজেন্টের নিকট বিমানের বকেয়া পাওনা আছে ২০ কোটি ২ লাখ ৩৫ হাজার ৫২৯ টাকা। এসব টাকা আদায়ে স্থানীয়ভাবে মামলা দায়ের করা হয়েছে, যা চলমান রয়েছে।