অব্যবস্থাপনায় খুঁড়িয়ে চলছে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসক, নার্স, যন্ত্রপাতি, অ্যাম্বুলেন্স ও অবকাঠামোগত সমস্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এখানে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ানসহ ৪০টি পদ শূন্য। অথচ এটি উপজেলার চার লাখ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার একমাত্র সরকারি প্রতিষ্ঠান।

সরেজমিনে ৫ ও ৬ সেপ্টেম্বর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৬ জন চিকিৎসকের জায়গায় কাগজপত্রে আছেন ১৮ জন। তাঁদের মধ্য থেকেও আবার ৯ জন প্রেষণে, ৪ জন প্রশিক্ষণে। মাত্র ৬ জন রয়েছেন কর্মস্থলে। আর নার্স আছেন ২৪ জনের জায়গায় ২০ জন।

অথচ উপজেলার নয়টি ইউনিয়ন ছাড়াও সদর উপজেলার বুধল, মজলিশপুর ও নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়নের রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার বড় ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্স।

এখানে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও), চক্ষু, দন্ত, নাক-কান-গলা, হৃদ্‌রোগ, শল্য, স্ত্রীরোগ, হাড়, অবেদনবিদ ও শিশুরোগ বিশেষজ্ঞ (কনসালট্যান্ট) নেই। একটি আধুনিক অস্ত্রোপচার কক্ষ (ওটি) থাকলেও অবেদনবিদ, সার্জন ও ব্লাড ব্যাংকের অভাবে পাঁচ বছর ধরে অস্ত্রোপচার (সিজার) হচ্ছে না। ৪১ বছরের পুরোনো এক্স-রে যন্ত্রটি বছরের অধিকাংশ সময় বিকল থাকে। নেই আল্ট্রাসনোগ্রাম মেশিন। রোগ নির্ণয়কেন্দ্রের (প্যাথলজি) যন্ত্রপাতিগুলোও ত্রুটিযুক্ত। সারা বছরই দরিদ্র রোগীদের বেশি টাকা ব্যয় করে বাইরে থেকে রোগ নির্ণয় করতে হয়।

এদিকে চালক থাকলেও ১১ বছর ধরে অ্যাম্বুলেন্স নেই। ৫০ শয্যার এ হাসপাতালে শয্যা আছে ৩৮টি। নেই বিদ্যুতের বিকল্প ব্যবস্থা (জেনারেটর)। প্রাইভেট ক্লিনিকের দালালদের দৌরাত্ম্যে টেকা কঠিন। ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা কার্যক্রম। বৈদ্যুতিক পাখাগুলোও বিকল। শৌচাগারের অবস্থাও শোচনীয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফাহমিদা আক্তার বলেন, ‘এখানে বহির্বিভাগে প্রতিদিন অর্ধশতাধিক রোগীর চিকিৎসা দিয়ে থাকি। কিন্তু এখানে পর্যাপ্ত ওষুধও নেই। এতে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী মো. আইনুল ইসলাম এই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, অ্যাম্বুলেন্স ও যন্ত্রপাতিসংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এসব সমস্যার কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। আশা করি শিগগিরই সমাধান হবে।’

স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা ক্ষোভের সঙ্গে বলেন, ‘ডেপুটেশন (প্রেষণ) নামের ব্যাধি হচ্ছে এই হাসপাতালে প্রধান সমস্যা। হাসপাতালকে এই ডেপুটেশন-ব্যাধিমুক্ত করার চেষ্টা করছি।’