অব্যবস্থাপনায় ধ্বংসের মুখে সরকারি মৎস্য খামার
মাছের পোনা উৎপাদনে আশির দশকে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত নড়াইলের একমাত্র সরকারি কার্প হ্যাচারিটি জনবল ও কার্যকর পদক্ষেপের অভাবে মুখ থুবড়ে পড়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্থানীয় মৎস্যচাষিদের চাহিদা পূরণে ২০০৪ সালে চতুর্থ মৎস্য প্রকল্পের আওতায় ৫৫ লাখ টাকা ব্যয়ে খামারটি সংস্কার করা হলেও স্থানীয় চাষিদের তা কোনো উপকারেই আসছে না। এতে জেলার প্রায় সাড়ে আট হাজার মৎস্যচাষি উন্নতমানের রেণু পোনা আহরণ থেকে বঞ্চিত হচ্ছে। সরকারও বছরে প্রায় ৫০ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। সরেজমিন দেখা গেছে, অবকাঠামোগত সার্বিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও ভরা বর্ষা মৌসুমে খামারের আটটি পুকুরের সব কয়টিতে হাঁটু পানি। কৃত্রিম উপায়ে পানি সরবরাহের চেষ্টা করা হলেও পুকুরগুলোতে পানি থাকছে না। উৎপাদন প্রক্রিয়া না থাকায় হ্যাচারির বোতলগুলো (রেণু উৎপাদনের স্থান) শূন্য অবস্থায় পড়ে আছে। তার ভেতরে হাঁড়ি-পাতিল, ধান রাখার ডোলসহ অন্যান্য ব্যবহার্য জিনিসপত্র রাখা হয়েছে। রেণু উৎপাদনকারী মো. নুরুল ইসলাম জানান, খামারের পুকুরগুলোর নিচে বালি থাকায় মোটেই পানি থাকে না। দুটি পুকুরে পোনা মাছ থাকার কারণে প্রতিদিন মেশিন দিয়ে পানি দিতে হচ্ছে। অফিস সহকারী আবুল কালাম আজাদ বলেন, জনবল না থাকায় খামারটি পরিচালনায় চরম অসুবিধা হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে অফিসের একজন কর্মকর্তা জানান, বরাদ্দ না পাওয়ায় এখানে গলদা চিংড়ি পোনা উৎপাদন হচ্ছে না। ভরা মৌসুমে রেণু সরবরাহ করা সম্ভব না হওয়ায় হ্যাচারির প্রতি স্থানীয় মৎস্যচাষিদেরও বিরূপ মনোভাব গড়ে ওঠেছে। এ ছাড়া হ্যাচারিতে ডিমওয়ালা মাছ সংরক্ষণেরও কোনো উপযোগী ব্যবস্থা নেই। মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮২ সালে নড়াইল-যশোর সড়কের ভাদুলীডাঙ্গা এলাকার পুরোনো মৎস্য খামারে কার্প হ্যাচারি স্থাপন করা হয়। ১৯৮৫-৮৬ সালের দিকে মাছের পোনা উৎপাদনে খামারটি রাষ্ট্রীয় পুরস্কার লাভ করে।খামারে ক্ষেত্র সহকারী (রেণু উৎপাদনের সহকারী), পাম্প মেশিন চালক, নৈশপ্রহরী ও গলদা রেণু উৎপাদন-বিশেষজ্ঞের কোনো পদই নেই। খামার ব্যবস্থাপকের পদও দীর্ঘদিন শূন্য। বর্তমানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।ফাইস ফিশ কালচার লিমিটেডের স্বত্বাধিকারী ও জেলা মৎস্যচাষি সমিতির সভাপতি আকরাম শাহীদ অভিযোগ করেন, অব্যবস্থাপনার কারণে সরকারি হ্যাচারিটি ধ্বংস হতে চলেছে।দায়িত্বপ্রাপ্ত খামার ব্যবস্থাপক মো. এনামুল হক বলেন, একই পুকুরে মা মাছ ও পোনা রাখার কারণে মা মাছে ঠিকমতো ডিম আসছে না। জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী দাবি করেন, পুকুরের দুই ফুট নিচে বালু। সংস্কারের সময় তলদেশের মাটি উত্তোলন করা হলেও সেই পরিমাণ মাটি না দেওয়ার কারণে পুকুরে পানির ধারণক্ষমতা থাকছে না। ফলে যে উদ্দেশ্যে খামারটি সংস্কার করা হয়েছিল, তা এখানকার মৎস্যচাষিদের আশা পূরণে সক্ষম হচ্ছে না।