অনিয়ম ও অব্যবস্থার কারণে রংপুরের চিড়িয়াখানা ও বিনোদন উদ্যান সৌন্দর্য হারাচ্ছে। একই সঙ্গে খাদ্য ও চিকিৎসার অভাবে গত দুই বছরে সিংহ ও ময়ূরসহ নয়টি প্রাণী মারা গেছে। জনবল-সংকটের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দাবি করেছে। চিড়িয়াখানা ও বিনোদন কেন্দ্রের কার্যালয় সূত্রে জানা গেছে, ’৯১ সালে রংপুর শহরের পুলিশ লাইনের পেছনে ২৩ একর জমির ওপর চিড়িয়াখানার কার্যক্রম শুরু হয়। বর্তমানে এখানে ৩৫ প্রজাতির ১৮২টি পশুপাখি আছে। এর মধ্যে সিংহ দুটি, বাঘ একটি, হায়েনা দুটি, বানর আটটি, বেবুন চারটি, মায়া হরিণ চারটি, চিত্রা হরিণ ৩৪টি, শকুন চারটি, কেশোয়ারি একটি, ইমু দুটি, অজগর একটি, চিল দুটি, ঈগল দুটি, স্থল কাছিম একটি ও ভুটানি গরু পাঁচটি।চিড়িয়াখানা ও বিনোদন কেন্দ্রের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মাসে একটি সিংহ, দুটি ময়ূর, ময়ূরের দুটি বাচ্চা ও একটি হরিণ মারা গেছে। এ ছাড়া গত বছর একটি সিংহ ও দুটি পাখি মারা গেছে।প্রতিষ্ঠার পর একবারও চিড়িয়াখানার পশুপাখির খাঁচাগুলো সংস্কার কিংবা মেরামত করা হয়নি। এর ফলে খাঁচাগুলো জরাজীর্ণ হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, খাবার কম দেওয়ায় ও চিকিৎসায় অবহেলায় করায় পশুপাখির মৃত্যু হয়েছে। এভাবে একে একে দর্শনীয় পশুপাখি মরে যাওয়ায় দর্শনার্থীদের সংখ্যা কমে যাচ্ছে। গত বুধবার শহরের ধাপ এলাকার আফরোজা বেগম তাঁর দুই সন্তানকে নিয়ে চিড়িয়াখানায় আসেন। তিনি জানান, তাঁর সন্তানেরা ময়ূর দেখতে না পেয়ে হতাশ হয়েছে। শহরের কামালকাছনার মুক্তি রহমান বলেন, সন্তানদের নিয়ে এখানে প্রায়ই আসতে হয়। কিন্তু এখানে অব্যবস্থাপনা রয়েছে। বসার কোনো ভালো ব্যবস্থা নেই। জানা যায়, প্রতিবছর এই চিড়িয়াখানা থেকে সরকার প্রায় ৩০ লাখ টাকা রাজস্ব আয় করছে। এত আয়ের পরও এখানে দীর্ঘ ২০ বছরে একবারও উন্নয়ন করা হয়নি। দিন দিন পশুপাখির সংখ্যাও কমে যাচ্ছে। দীর্ঘদিন সংস্কার না করায় পশুপাখির লোহার খাঁচাগুলো মরিচা ধরে নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, আগে টিকিটের দাম পাঁচ টাকা করে ছিল। কর্তৃপক্ষ হঠাৎ করে কিছুদিন আগে টিকিটের দাম পাঁচ টাকা বাড়িয়ে ১০ টাকা করে। প্রতিদিন একজন চিকিৎসকের পশুপাখিদের খাঁচায় গিয়ে তদারকি করার কথা। কিন্তু তা করা হয় না। এ ছাড়া প্রতিদিন চিড়িয়াখানার ভেতরের রাস্তা ও খাচা পরিষ্কার করার কথা থাকলেও তা করা হচ্ছে না। স্থানীয় লোকজন আরও অভিযোগ করেন, প্রতিদিন প্রতিটি পশু ও পাখিকে যে পরিমাণ খাবার দেওয়ার কথা তা দেওয়া হয় না। খাবারও নিম্নমানের। এ ছাড়া পশুপাখিগুলোর আলাদাভাবে যত্নও নেওয়া হচ্ছে না। এ কারণে এগুলো মারা যাচ্ছে। চিড়িয়াখানার কিউরেটর আবুল কাশেম বলেন, শীতকালে পশুপাখিদের অতিরিক্ত যত্ন নেওয়া হয়। এ মাসে ময়ূরী ও তার বাচ্চা অসুস্থ হয়ে পড়লে সময়মতো তাদের চিকিৎসা দেওয়া হয়। এর পরও তাদের বাঁচানো যায়নি। এ ছাড়া সিংহটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে। আর ময়ূরগুলো ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তিনি পশুপাখিদের খাওয়ার কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।কিউরেটর আবুল কাশেম আরও বলেন, নিজস্ব চিকিৎসক না থাকায় পশুপাখিদের প্রতিদিন দেখভাল করা সম্ভব হয় না। পরিচ্ছন্নতাকর্মীর সংকটের কারণে নিয়মিত রাস্তা ও চিড়িয়াখানার ভেতরের অংশ পরিষ্কার করা সম্ভব হয় না।