ইন্টারনেট ব্যবহারের জন্য বিভিন্ন মুঠোফোন অপারেটরের কাছ থেকে কেনা প্যাকেজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ না হলেও তা পরে গ্রাহক ফেরত পাবেন। এ ছাড়া কোনো গ্রাহক একটি সিম কার্ড টানা দুই বছর ব্যবহার না করলে মালিকানা হারাবেন। সংশ্লিষ্ট মুঠোফোন অপারেটর ওই সিমটি আবার বিক্রি করতে পারবে।
দেশের সব মুঠোফোন অপারেটর ও ব্যবহারকারীদের জন্য এমন নতুন নির্দেশনা জারির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ নির্দেশনার খসড়া নিয়ে গত সপ্তাহে মুঠোফোন অপারেটরদের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি।
বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস বিদেশ সফরে থাকায় খসড়া নীতিমালার বিষয়ে তাঁর মন্তব্য জানা যায়নি। এ বিষয়ে জানার জন্য বিটিআরসির ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
তবে বিটিআরসির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা সূত্রে জানা গেছে, চেয়ারম্যান আগামী সপ্তাহে দেশে ফিরলে খসড়া নীতিমালাটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে গ্রাহকের কেনা ইন্টারনেট প্যাকেজের অব্যবহৃত ডেটা নির্দিষ্ট সময়সীমার পর ফেরত পাওয়া যায় না। যেমন: কোনো গ্রাহক ৩০০ টাকায় ইন্টারনেটে ব্যবহারের জন্য ৩০ দিন মেয়াদের এক গিগাবাইট ডেটা কিনতে পারেন। কিন্তু ৩০ দিনের মধ্যে তিনি যদি তা ব্যবহার না করেন, তবে অব্যবহৃত ডেটা ফেরত পান না অথবা তা পরর্বতী সময়ে কেনা প্যাকেজের সঙ্গেও যোগ হয় না। বিটিআরসির উদ্যোগ কার্যকর হলে অব্যবহৃত ডেটা নতুন প্যাকেজের সঙ্গে গ্রাহকেরা ফেরত পাবেন।
যোগাযোগ করা হলে শীর্ষ মুঠোফোন অপারেটর গ্রামীণফোনের বহিঃযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল প্রথম আলোকে বলেন, ‘বিটিআরসির নির্দেশনার বিষয়ে আমরা অবগত আছি। গত মাসে এসব নির্দেশনা নিয়ে আলোচনার জন্য সব অপারেটরকে বিটিআরসি কার্যালয়ে ডাকা হয়েছিল। ইতিমধ্যেই মোবাইল অপারেটরদের বেশ কিছু সুপারিশ চূড়ান্ত নির্দেশনায় অন্তর্ভুক্ত করার জন্য গ্রহণ করা হয়েছে।’
বিটিআরসির খসড়া নির্দেশনা অনুযায়ী যেকোনো অফার (সুযোগ) দিতে এখন অপারেটরদের কমপক্ষে সাত দিন আগে সংস্থাটির কাছ থেকে অনুমতি নিতে হবে। রিচার্জের টাকার পরিমাণ অনুযায়ী মেয়াদ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ১০ টাকা থেকে ২৯ টাকা রিচার্জে সেবার মেয়াদ হবে ১৫ দিন। এমন বিভিন্ন পরিমাণ টাকা রিচার্জে মোট ১০টি ধাপ নির্ধারণ করা হয়েছে এই খসড়া নীতিমালায়।
এ ছাড়া বিজ্ঞাপনের মাধ্যমে কোনো সেবা ও সুযোগের প্রচারের ক্ষেত্রে বিস্তারিত তথ্য বিটিআরসির অনুমতি নিয়ে প্রকাশ করতে হবে। যেকোনো প্রচারণামূলক সেবার মেয়াদ হবে কমপক্ষে তিন দিন ও সর্বোচ্চ ৬০ দিন। তবে কমিশনের অনুমতি সাপেক্ষে তা আরও ১৫ দিন বাড়ানো যাবে। প্রচারণামূলক সেবার আওতাভুক্ত সব সেবাই যেন গ্রাহক ব্যবহার করতে পারেন সেটাও নিশ্চিত করার কথা বলা হয়েছে নির্দেশনায়। প্রচারণামূলক কোনো সেবার মূল্য ৫০ হাজার টাকার বেশি হতে পারবে না। গণমাধ্যমে প্রচারিত বিজ্ঞাপনের সব শর্তই যেন দৃষ্টিগোচর হয়, এমনভাবে প্রচারের নির্দেশনাও দেওয়া হয়েছে।