অব্যবহৃত পড়ে আছে ল্যাপারোস্কপি যন্ত্র
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পিত্তথলির পাথর, জরায়ুর টিউমার অপসারণসহ নানা অস্ত্রোপচারের জন্য প্রায় তিন বছর আগে ল্যাপারোস্কপি যন্ত্র আনা হয়। সেটি প্রায় দেড় বছর কাজে লাগানো হয়নি। এর পর সেটি দু-তিন মাস ব্যবহারের পর আবারও ফেলে রাখা হয়েছে। ফলে সেবাবঞ্চিত হচ্ছে রোগীরা।
তবে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম জানান, সিনিয়র সার্জারি কনসালট্যান্টকে সহযোগিতা করার চিকিৎসক হাসপাতালে নেই। তাই এ-সংক্রান্ত রোগীদের অস্ত্রোপচার করা যাচ্ছে না।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, দেড় বছর আগে সিনিয়র সার্জারি কনসালট্যান্টকে সহায়তাকারী চিকিৎসক নাদিম সরকার বদলি হয়ে চলে যান। তখন থেকে অস্ত্রোপচার বন্ধ। তিন মাস আগে তিনি আবার সদর হাসপাতালে যোগ দেন। কিন্তু তাঁকে ল্যাপারোস্কপিক অস্ত্রোপচারে সহায়তা করার কাজে না লাগিয়ে জরুরি বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে শফিকুল ইসলাম জানান, জরুরি বিভাগে চিকিৎসকের সংকট থাকায় নাদিমকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যেই এ ব্যাপারে সুরাহা করা হবে।
সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট মো. মনিরুজ্জামান সরকার জানান, ল্যাপারোস্কপিক অস্ত্রোপচার করতে তিনি সব সময়ই আগ্রহী। কিন্তু তাঁকে সহায়তা করার উপযুক্ত চিকিৎসক হাসপাতাল কর্তৃপক্ষ দিতে পারেনি বলে এত দিন এ-সংক্রান্ত অস্ত্রোপচার হয়নি। এটা দলগত কাজ। একা এ কাজ করা যায় না। এখন যে ছোটখাটো অস্ত্রোপচার হচ্ছে, সেখানেও ওয়ার্ডবয়দের সহায়তা নিতে হয়। এখানে অভিজ্ঞ সেবিকাদেরও সংকট রয়েছে। এর আগে সহায়তাকারী চিকিৎসক থাকায় মাসে চারটি করে ল্যাপারোস্কপিক অস্ত্রোপচার করা হতো। এতে দরিদ্র রোগীরা উপকৃত হতো। বাইরে (প্রাইভেট ক্লিনিকে) এই অস্ত্রোপচার করতে কমপক্ষে ৩০ হাজার টাকা খরচ হয়। যন্ত্রটির দাম ১৫ থেকে ২০ লাখ টাকা। অথচ সেটা কাজে লাগানো হচ্ছে না।