অব্যবহৃত ব্যালট ও ব্যালটের মুড়ি আদালতে জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই পৌরসভার নির্বাচনের জাল ভোট, কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে এবং ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার জন্য পরাজিত চার কাউন্সিলর প্রার্থী আদালতে মামলা করেছেন। গত ২১ জানুয়ারি, ২৬ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ওই চারটি মামলা করা হয়।
বিজয়ী প্রার্থীদের নামের তালিকার গেজেট প্রকাশের পর জয়পুরহাট জেলা নির্বাচনী ট্রাইব্যুনাল ও প্রথম যুগ্ম জেলা জজ মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হকের আদালতে ওই চারটি মামলা করা হলো।
ওই চারটি মামলারই বাদীপক্ষের আইনজীবী সওদাগর মিজানুর রহমান বলেন, তিনি নির্বাচনে ব্যবহৃত, অব্যবহৃত ব্যালট পেপার, ব্যালট পেপারের মুড়ি এবং এজেন্ট-সংক্রান্ত কাগজ আদালতে জমা দেওয়ার প্রার্থনা করেছেন। আদালত তাঁদের আবেদন মঞ্জুর করেছেন।
কালাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, তাঁরা মামলার প্রতিপক্ষ হিসেবে আদালতের নোটিশ পেয়েছেন। আদালতের নির্দেশ মোতাবেক নির্বাচনের ব্যালট পেপারসহ যে কাগজপত্র আদালত চেয়েছেন, তা গতকাল সোমবার আদালতে জমা দিয়েছেন। মামলায় যেসব অভিযোগ করা হয়েছে তা সত্য নয়।
মামলার আরজি সূত্রে জানা যায়, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফেরদৌস, ২ নম্বর ওয়ার্ডের দাদে এলাহী এবং সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের অকিনা বেগম ও সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের জান্নাতী বেগম মামলাগুলো দায়ের করেন। তাঁরা নির্বাচনে প্রতিপক্ষ বিজয়ী প্রার্থীকে নির্বাচিত ঘোষণা অবৈধ এবং ভোট পুনরায় গণনার আবেদন করেন। প্রতিটি মামলাতে বিজয়ী প্রার্থী, ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এবং কালাই পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাকে মামলার বিবাদী করা হয়েছে।
ফেরদৌস মামলায় অভিযোগ করেন, ৩ নম্বর ওয়ার্ডের কালাই ডিগ্রি কলেজের বুথ সংখ্যা পাঁচটি। সেখানে বিজয়ী কাউন্সিলর প্রার্থী রেজাউল করিম ভোট গ্রহণ চলার এক ঘণ্টা পর সন্ত্রাসীদের নিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেন এবং ভয় দেখান। তাছাড়া লাইনে থাকা ভোটারদের মধ্য থেকে কয়েকজনকে প্রিসাইডিং কর্মকর্তা ডেকে নিয়ে তাঁদের ব্যালট না দিয়ে আঙুলে অমোচনীয় কালির চিহ্ন দিয়ে বের করে দেন এবং অন্য ভোটারদের বলেন, ভোটারের চেয়ে ব্যালট কম সরবরাহ করায় আর ভোট নেওয়া সম্ভব নয়। এ কথা শুনে ভোটাররা চিৎকার শুরু করলে পুলিশ ও সন্ত্রাসীরা ভোটারদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
মামলায় অভিযোগ করা হয়, প্রিসাইডিং কর্মকর্তার সহায়তায় রেজাউল করিম ও তাঁর কয়েকজন সমর্থক ব্যালট পেপার কেটে উট প্রতীকে ঘণ্টাব্যাপী জাল ভোট দেন। তিনি মামলায় দাবি করেন, ওই জাল ভোট এবং ব্যালটে প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং বা কোনো কর্মকর্তার সই, সিলমোহর নেই। এ ছাড়া বিজয়ী কাউন্সিলর রেজাউল করিম একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি হলেও তাঁর হলফনামায় তা উল্লেখ করেননি। অন্য তিন মামলার বাদীরাও তাঁদের প্রতিপক্ষ বিজয়ী কাউন্সিলরদের বিরুদ্ধে ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার সহযোগিতায় জাল ভোট ও কারচুপি, অনিয়মের অভিযোগ এনে মামলা করেন।
৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রেজাউল করিম বলেন, তিনি মামলার নোটিশ পেয়েছেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ফেরদৌস মামলা করেছেন। হলফনামায় মামলার কথা উল্লেখ না করার বিষয়ে তিনি বলেন, ওই মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। হলফনামায় ওই তথ্য দিতে ভুলে গেছেন।