স্থায়ী শিক্ষক নিয়োগ, অধ্যক্ষের অপসারণসহ কয়েকটি দাবিতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ২ মে থেকে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছেন৷ দািব আদায়ে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছেন৷
১৯ দিন ধরে প্রশাসনিক ভবন তালাবদ্ধ থাকলে কলেজের অধ্যক্ষ ও কোনো শিক্ষক একবার এসেও খোঁজ নেননি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা৷
কলেজ সূত্রে জানা যায়, বিশাল ক্যাম্পাসে ২০০৯ সালে শুধু ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ নিয়ে কলেজের যাত্রা শুরু হয়৷ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ খোলার জন্য দুটি পৃথক ভবন নির্মিত হলেও আজ পর্যন্ত বিভাগগুলো চালু হয়নি৷ এমনকি কলেজে স্থায়ী কোনো শিক্ষকও নেই৷ বিভিন্ন প্রতিষ্ঠানের ছয়জন শিক্ষক এখানে প্রেষণে ও তিনজন খণ্ডকালীন শিক্ষক ক্লাস নেন৷ এমনকি কলেজের নিজস্ব অধ্যক্ষও নেই৷ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন অতিরিক্ত দায়িত্ব হিসেবে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন৷ পাঁচটি বর্ষে বর্তমানে ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন৷
১৫ মে কলেজে গিয়ে দেখা যায়, প্রশাসনিক ভবন তালাবদ্ধ৷ ফটকের সামনে বসে ছিলেন ৩০ থেকে ৪০ জন শিক্ষার্থী৷ তাঁরা অধ্যক্ষের অপসারণের দাবিতে স্লোগান দেন৷ সেই সঙ্গে কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, সরকারি বরাদ্দ বৃদ্ধি ও নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান৷
শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ মাসে দু-তিন দিনের বেশি কলেজে আসেন না৷ এলেও খুব কম সময় থাকেন৷ শিক্ষার্থীরা কোনো সমস্যার কথা জানালে অধ্যক্ষ পলিটেকনিক ইনস্টিটিউটে তাঁর কার্যালয়ে গিয়ে দেখা করতে বলেন৷ কলেজ থেকে ইনস্টিটিউটের দূরত্ব কমপক্ষে ১০ কিলোমিটার৷ এ জন্য তাঁরা ১২ মে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেন৷
প্রেষণে পাঠদান করান, এমন একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, প্রেষণে আসায় তাঁরা খুব বেশি মনোযোগ দিতে পারেন না৷ এতে পাঠদানের মান খারাপ হয়ে যাচ্ছে৷
অধ্যক্ষ ২ থেকে ২০ মে পর্যন্ত কলেজে না যাওয়ার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘সেখানে যাওয়ার পরিবেশ নেই৷ কারিগরি শিক্ষা অধিদপ্তর যদি আমাকে দায়িত্ব থেকে অপসারণ করে, আমার কোনো আপত্তি নেই৷’
গতকাল মঙ্গলবার যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি পাওয়া গেছে৷ তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে৷