অব্যাহত আন্দোলনের মুখে মহাপরিচালককে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানীদের আন্দোলনের মুখে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) মহাপরিচালক (ডিজি) খায়রুল বাশারকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। এই পদের দায়িত্ব দেওয়া হয়েছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা) কামাল হুমায়ুন কবিরকে। কৃষি মন্ত্রণালয় গবেষণা শাখা-১-এর জ্যেষ্ঠ সহকারী সচিব মীনাক্ষী বর্মণ স্বাক্ষরিত এ-সম্পর্কিত একটি ফ্যাক্স বার্তা গত সোমবার বিএসআরআইয়ে পৌঁছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে খায়রুল বাশারের অপসারণের দাবিতে ছয় মাস ধরে আন্দোলন কর্মসূচি পালন করে আসছিলেন ইনস্টিটিউটের বিজ্ঞানী, কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারীরা।ডিজির তাৎক্ষণিক বদলির খবর জানার পর সোমবার ইনস্টিটিউটের সব বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকেরা আনন্দ মিছিল বের করেন। এবং একে-অপরকে মিষ্টি খাওয়ান। আন্দোলনরত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পদোন্নতি আটকে রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তাঁরা ডিজি খায়রুল বাশারের অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। একপর্যায়ে গত রোববার ডিজি খায়রুল বাশার আন্দোলনরত বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের উদ্দেশে গুলি করার জন্য নিরাপত্তাকর্মীদের নির্দেশ দেন। এ ঘটনায় বিএসআরআইয়ে অচলাবস্থার সৃষ্টি হয়। তবে গুলি করার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে খায়রুল বাশার জানান, আন্দোলনকারীরা বিভিন্ন সময় তাঁর বাড়িতে এসে তাঁকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। তাৎক্ষণিক বদলি সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।