ছয় বছর আগে ছয় কোটির বেশি টাকা ব্যয় করে মানিকগঞ্জ শহর রক্ষা খাল রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্যবর্ধন করা হয়েছিল। এখন ওই খালে পানি নেই। খালপাড়ের বাসিন্দাদের মলমূত্র ও ময়লা-আবর্জনায় ভরে গেছে। ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে পুরো খাল।
স্থানীয় বাসিন্দারা জানান, জেলার কালীগঙ্গা নদীর বেউথা এলাকা থেকে খালটির উৎপত্তি। সদর উপজেলার পালড়া এলাকায় পুনরায় ওই নদীর সঙ্গে মিলেছে। একসময় প্রশস্ত খালে সারা বছরই পানি থাকত। দেশের দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা এই খাল দিয়ে নৌকায় মালামাল পরিবহন করতেন।
মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলীর কার্যালয় জানায়, খালটি রক্ষা ও এর সৌন্দর্যবর্ধনের জন্য গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে একটি প্রকল্প হাতে নেয় মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষ। এই প্রকল্পে ছয় কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে সাতটি প্যাকেজের মাধ্যমে খালটির বান্দুটিয়া থেকে শুরুন্ডি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় সিসি ব্লক দিয়ে খালের দুই পাড় বাঁধানো হয়। খালের সৌন্দর্যবর্ধনে শহরবাজার সেতু এলাকা থেকে সরকারি মহিলা কলেজ এলাকা পর্যন্ত খালের দক্ষিণ পাড়ে পাঁচ ফুট প্রশস্ত ফুটপাত ও বেশ কয়েকটি বসার আসন নির্মাণ করা হয়। ওই কলেজের পেছন থেকে খালপাড় পর্যন্ত খাল দখল করে ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ওঠায় ফুটপাত নির্মিত হয়নি।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, খালটির উৎসমুখ বেউথা এলাকায় একটি স্লুইসগেটে। এর উত্তর দিকে মানিকগঞ্জ খালে কোনো পানি নেই। গেটের দক্ষিণ দিকে কালীগঙ্গা নদীতেও তেমন কোনো পানি নেই।
শহরের খালপাড় সেতু এলাকা থেকে শহরবাজার সেতু এলাকা পর্যন্ত খালের দক্ষিণ পাড় দখল করে বেশ কয়েকটি বহুতল ভবন গড়ে উঠেছে। চলছে আরও কয়েকটির নির্মাণকাজ। অসংখ্য পাইপ দিয়ে খালপাড়ে গড়ে ওঠা ভবন ও বাসাবাড়ির মলমূত্র পাইপের মাধ্যমে খালে ফেলা হচ্ছে। খালপাড়ের ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসানো হয়েছে। দক্ষিণ সেওতা, গঙ্গাধরপট্টি ও পূর্ব দাশড়া এলাকায় কিছু কিছু অংশে সিসি ব্লক দেবে গেছে।
খালপাড় সেতু থেকে শহরবাজার সেতু এলাকায় খালের দক্ষিণ পাড় দখল করেছেন সাবেক পৌর কাউন্সিলর খবির চৌধুরীসহ রফিকুল ইসলাম, আরশেদ আলী, কাইয়ুম খান, আজিজুর রহমান, খসরু আলমগীর, জাহাঙ্গীর হোসেন, ফরিদ হোসেন, জুবায়ের আহম্মেদ, আমজাদ হোসেন, টিপু মিয়া, দিপু মিয়া, মিজান মোল্লা, মনিরুল ইসলাম, জাহানারা বেগম, লাল মিয়া, নাসির হোসেন, কালা মিয়া, আতাউর রহমান ভূঁইয়া, রজ্জব আলী, আবুল হোসেন, হাসিব উদ্দিন, শাহিন মিয়া, সুকুমার দে, জালাল উদ্দিন, বিমান গোস্বামী ও আবদুস সালাম। এ ছাড়া উত্তর সেওতা জামে মসজিদের পাশে মহিদ মিয়া ও পুলিশ সুপারের বাসভবনের পাশে আলমগীর হোসেন খালের ওপর বাড়ির বর্ধিত অংশ নির্মাণ করেছেন। সরকারি মহিলা কলেজের পাশে জয়ন্ত সরকার ও হোসেন আলী খালের জায়গা দখল করে কাঁচা ঘরবাড়ি নির্মাণ করেছেন।
খবির চৌধুরী দাবি করেন, খাল থেকে পাঁচ ফুট দূরে চারতলা ভবন নির্মাণ করেছেন। আজিজুর রহমানের ছেলে মাসুদ রানা বলেন, ‘আরও অনেকেই খাল ঘেঁষে বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণ করেছেন। তাঁদের উচ্ছেদ করা হলে আমরাও স্থাপনা সরিয়ে ফেলব।’
সদ্য বদলি হয়ে যাওয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নার্গিস পারভীন প্রথম আলোকে বলেন, খালপাড়ের জায়গা ২৩ জন আবেদনকারীকে দীর্ঘমেয়াদি (৯৯ বছর) বন্দোবস্ত দেওয়া হয়। কিন্তু তাঁরা সরকারি নীতিমালা অমান্য করে খাল দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান ও বহুতল ভবন নির্মাণ করেছেন।
সংশ্লিষ্টদের বক্তব্য: স্থানীয় বাসিন্দা ও খান বাহাদুর আওলাদ হোসেন ডিগ্রি কলেজের অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়ির শৌচাগারের মলমূত্র পাইপের মাধ্যমে খালে ফেলা হচ্ছে। এতে আশপাশে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে।
ভবনমালিক স্বপন কুমার দে ও জ্যোতিষ চন্দ্র সরকার বলেন, পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কোনো কোনো ভবনের মলমূত্র পাইপের মাধ্যমে খালে ফেলা হচ্ছে।
পরিবেশবিদ ও উন্নয়নকর্মী দীপক কুমার ঘোষ জানান, খালটি রক্ষায় খনন ও অবৈধ দখলদারদের উচ্ছেদ করা প্রয়োজন। অন্যথায় দু-এক বছরের মধ্যে খালের বাকিটুকুও দখল হয়ে যেতে পারে।
পৌরসভার মেয়র মো. রমজান আলী বলেন, খালপাড়ে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ভবনের পেছনের অংশ বর্ধিত করে খাল দখল করা হয়েছে। ইতিমধ্যে ওই সব ভবন ভেঙে ফেলতে বেশ কয়েকবার নোটিশও দেওয়া হয়েছে। কিন্তু ভবনমালিকেরা তা মানছেন না। জেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নিলে খাল দখলমুক্ত করা সম্ভব।