অব্যাহত লোডশেডিংয়ে ধানখেত ফেটে চৌচির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় লোডশেডিং অব্যাহত রয়েছে। ১০টি উপজেলায় চলতি মাস থেকে দিন-রাতের অর্ধেক সময়ই বিদ্যুতের সরবরাহ পাওয়া যাচ্ছে না। এতে বিপাকে পড়েছেন কৃষক। সময়মতো সেচ দিতে না পারায় বোরো খেত ফেটে যাচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) নেত্রকোনা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় পল্লী বিদ্যুতের আওতায় অন্তত ২ লাখ ৯ হাজারের বেশি গ্রাহক রয়েছেন। এর মধ্যে প্রায় ৪০ হাজার বাণিজ্যিক, সাড়ে ৮ হাজার বিদ্যুচ্চালিত সেচপাম্প, দেড় হাজার ছোট-বড় শিল্পকারখানা, বাকিগুলো সাধারণ গ্রাহক। এখানে বিদ্যুতের চাহিদা ৫২ মেগাওয়াট। এই মাসের শুরুতে উৎপাদনকেন্দ্র থেকে সরবরাহ পাওয়া যাচ্ছিল ১৮ থেকে ২৫ মেগাওয়াট। গত সপ্তাহে তা বেড়ে ৩৫ থেকে ৩৮ মেগাওয়াট হয়েছে। এই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ হয় ময়মনসিংহের শম্ভুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও জামালপুরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে।
সদর উপজেলার পাঁচপাই গ্রামের কৃষক সলিল চক্রবর্তী বলেন, মাসখানেক ধরে ঠিকমতো বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এমনও হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ২ ঘণ্টাও বিদ্যুৎ ছিল না। একটানা বেশিক্ষণ বিদ্যুৎ থাকে না। এতে সেচপাম্প চালাতে সমস্যা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে কৃষকদের পথে বসতে হবে।
কলমাকান্দা উপজেলার ঘনিচা গ্রামের কৃষক ফরিদুজ্জামান তালুকদার বলেন, এই মৌসুমে তিনি ১ হাজার ৪০০ বিঘা জমিতে ধান লাগিয়েছেন। অব্যাহত লোডশেডিংয়ের কারণে সেচপাম্প বন্ধ থাকছে। খেতের মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু পানি দেওয়া সম্ভব হচ্ছে না।
কলমাকান্দা উপজেলা পল্লী বিদ্যুতের সহকারী জুনিয়র প্রকৌশলী রাজু আহম্মেদ বলেন, এই উপজেলায় ১৮ হাজারের মতো গ্রাহক আছেন। এর মধ্যে ১ হাজার ৮০০টি সেচযন্ত্র রয়েছে। এখানে বিদ্যুতের চাহিদা সাড়ে ৯ মেগাওয়াট। আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় ৫ মেগাওয়াট।
আটপাড়া উপজেলার দেওগাঁওয়ের কৃষক কবীর উদ্দিন বলেন, ‘ঋণ করে কিছু জমিতে ধান লাগাইছলাম। কিন্তু কারেন্ট না থাহনে সব ফাইট্টা শেষ হইয়া যাচ্ছে।’
জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে ১০টি উপজেলায় ১ লাখ ৮২ হাজার ৬০৭ হেক্টর জমিতে আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও ২ হাজার ৫০৫ হেক্টর বেশি। আরও বেশ কিছু জমিতে আবাদের কাজ চলছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৩ হাজার ৬৬১ টন। কিন্তু বিদ্যুৎ-সংকটের কারণে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা বিদ্যুৎ মজুমদার বলেন, এ সময়টিই ধানগাছের কুশ (গোছা) উৎপাদনের উৎকৃষ্ট সময়। এ সময় জমিতে সেচ ও সার দিতে না পারলে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন বাধাগ্রস্ত হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় এলাকার কৃষকেরা দিশেহারা হয়ে পড়ছেন।
জানতে চাইলে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. মজিবুর রহমান বলেন, শম্ভুগঞ্জ, আশুগঞ্জ ও জামালপুরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গ্যাস ও ফার্নেস ওয়েল সরবরাহে ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছিল। দ্রুত সমাধানের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে। সামনে বিদ্যুতের সরবরাহ আরও বাড়বে।