অব্যাহত হামলায় দায়িত্ব পালন কঠিন হয়ে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিকদের ছয়টি ইউনিয়ন ও সংগঠন সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর একের পর এক বিভিন্ন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এসব সংগঠন বলছে, সংবাদপত্র কার্যালয়ে পুলিশের হানা এবং সাংবাদিকদের ওপর হামলার কারণে সাংবাদিকদের দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে।গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, গত ৭ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক নেতাদের সঙ্গে বৈঠকে সাংবাদিকদের ওপর হামলা এবং নির্যাতনের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তার পরও এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলে মত দেন তাঁরা।বিবৃতি দেওয়া সাংবাদিক নেতাদের মধ্যে রয়েছেন ইকবাল সোবহান চৌধুরী, আবদুল জলিল ভূঁইয়া, রহুল আমিন গাজী, কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমদ, আবদুস শহীদ, ওমর ফারুক, সাখাওয়াত হোসেন, সাজ্জাদ আলম খান, এম আবদুল্লাহ, মুহাম্মদ বাকের হোসাইন ও শাবান মাহমুদ।বিবৃতিতে সাম্প্রতিক সময়ে সাংবাদিক নির্যাতনের ঘটনাগুলো তুলে ধরে সাংবাদিক নেতারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাংবাদিকদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহবান জানান। এর পাশাপাশি সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যাক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার ও তাদের উপযুক্ত শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা। বিজ্ঞপ্তি।