অব্যাহতি পেলেন অতিরিক্ত আইজিপির পিএ
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের (আইজিপি) পুলিশের ব্যক্তিগত সহকারী (পিএ) মো. আইয়ুব আলী। তাঁর বিরুদ্ধে অভিযোগ সম্প্রতি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ২০১৪ সালের ডিসেম্বরে অতিরিক্ত আইজিপির (প্রশাসন) পিএ মো. আইয়ুব আলীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, অবৈধভাবে নিয়োগ প্রাপ্তি ও অর্থ পাচারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামে দুদক।
অভিযোগে বলা হয়, মো. আইয়ুব আলী পটুয়াখালী জেলার দুমকি উপজেলার বাসিন্দা হলেও পুলিশে নিয়োগের সময় পটুয়াখালী জেলায় কোনো কোটা না থাকায় তিনি ঢাকার মিথ্যা ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে নিয়োগ পান। অতিরিক্ত আইজিপির পিএ হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি ঢাকায় জমি, ফ্ল্যাট, একাধিক গাড়িসহ কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
অভিযোগে আরও বলা হয়েছে, পুলিশ সদরে অতিরিক্ত আইজিপির সঙ্গে থাকার সুবাদে বিরোধী দলের কাছে অনেক গোপন তথ্য পাচার করে দিয়ে সরকারকে বিপাকে ফেলেছেন। এ ছাড়া রাজধানীর বাড্ডায় একটি এনজিও খুলে তিনি তার স্ত্রী ও আত্মীয়দের দিয়ে পরিচালনা করছেন। ওই এনজিওতে বিনিয়োগ করা নিজের টাকা বিদেশে তার আত্মীয়দের মাধ্যমে অনুদান দেখিয়ে বৈধ করার চেষ্টা করছেন।
সূত্রটি জানায়, তাঁর বিরুদ্ধে এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি অনুসন্ধান কর্মকর্তা তাঁর প্রতিবেদন জমা দেন। পরে কমিশন অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তির অনুমোদ দেয়।
দুদকের সহকারী পরিচালক মো. আল আমিন এ অভিযোগটি অনুসন্ধান করেন।