অব্যাহতি পেলেন এনএসআইয়ের উপপরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক উপপরিচালককে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে আসা অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা ওই কর্মকর্তার নাম মো. কামরুজ্জামান ভূঁইয়া।
দুদক সূত্র জানায়, ২০১৪ সালে মো. কামরুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে কমিশন। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ ও ওই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক আবদুছ ছাত্তার সরকার অভিযোগটি অনুসন্ধান করেন।
তাতে এ সংক্রান্ত কোনো প্রমাণ না পাওয়ায় অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করে কমিশন।