ভুয়া মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ, বিধি বহির্ভূতভাবে পদোন্নতি লাভ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঞাকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে রোববার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২০১৪ সালের ডিসেম্বরে কবির আহমেদ ভূঞার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। চাকরিতে থাকাকালে অবৈধ উপায়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। এ ছাড়া বিভিন্ন সময়ে বিধিবহির্ভূতভাবে পদোন্নতি লাভ ও অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগও ছিল। দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম এ অভিযোগের অনুসন্ধান করেন।
অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে তথ্য প্রমাণ না পাওয়ায় নথিভুক্তির মাধ্যমে তাঁকে অব্যাহতি দেয় কমিশন।