অব্যাহতি পেলেন জাফরুল্লাহ ও মাহফুজউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর, গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ও সাংবাদিক মাহফুজউল্লাহকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১৷
বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-১ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন৷ তবে আদেশে বলা হয়েছে, ভবিষ্যতে আদালত ও বিচারাধীন বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে সুশীল ব্যক্তিদের সচেতন থাকতে হবে, যাতে আদালত সম্পর্কে মানুষের মনে বিরূপ ধারণা তৈরি না হয়৷ এ ছাড়া ওই চ্যানেলে গত বছরের ১৮ সেপ্টেম্বর প্রচারিত ‘মুক্তবাক’ অনুষ্ঠানের ওই পর্বটি পুনঃপ্রচারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে৷
আদালত অবমাননার এই অভিযোগের বিষয়ে গত ৩০ এপ্রিল শুনানি শেষ হয়৷ রাষ্ট্রপক্ষে শুনানি করেন কৌঁসুলি তুরিন আফরোজ৷ টোয়েন্টিফোরের পক্ষে ছিলেন আইনজীবী আসাদুজ্জামান ও মাহফুজউল্লাহের পক্ষে ছিলেন আইনজীবী তাজুল ইসলাম৷ জাফরুল্লাহ চৌধুরী নিজের পক্ষে শুনানি করেন৷