আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবী তাজুল ইসলাম।
এ ছাড়া জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মুজিবুর রহমান ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের দেওয়া ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে হওয়ায় তাঁদের সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমানকে আদালত অবমাননার রুলের জবাব দিতে আরও তিন সপ্তাহ সময় দিয়েছেন ট্রাইব্যুনাল।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার এ আদেশ দেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৩০ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। এই রায় নিয়ে বিরূপ মন্তব্য করায় এবং ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি হরতাল ডাকায় ১ জানুয়ারি তাজুল ইসলাম এবং জামায়াত ও ছাত্রশিবিরের পাঁচ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়।
গতকাল আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। জামায়াত ও ছাত্রশিবিরের নেতাদের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ ও তাপস কান্তি বল ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির রায়ের পর ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি হরতাল ডেকেছিল জামায়াত। রায়ের প্রতিক্রিয়ায় বিবৃতি দিয়ে বিরূপ মন্তব্য করেন জামায়াত-শিবিরের শীর্ষ নেতারা।