অব্যাহতি পেলেন তিন ট্যানারি মালিক
রাজধানীর হাজারীবাগের তিনটি ট্যানারির মালিক নিজেদের কারখানা বন্ধ করে হলফনামা জমা দেওয়ায় তাঁদের আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। এ তিনজন হলেন পূবালী ট্যানারিজের মাহবুবুর রহমান, রুমি লেদার ইন্ডাস্ট্রিজের গিয়াস উদ্দিন আহমেদ পাঠান ও প্যারামাউন্ট ট্যানারিজের আকবর হোসেন।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল সোমবার এই তিন ট্যানারি মালিক তাঁদের ট্যানারি বন্ধ করে দেওয়ার পদক্ষেপ জানিয়ে হলফনামা জমা দেন। পরে আদালত তাঁদের অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদেশ দেন।
আদালতে ট্যানারি মালিকদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।
এর আগে রোববার আদালতের নির্দেশ মেনে ট্যানারি স্থানান্তরের অগ্রগতি সম্পর্কে না জানানোয় ওই তিন ট্যানারি মালিককে পাঁচ ঘণ্টা হেফাজতে রাখেন আদালত। পরে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে তাঁরা ছাড়া পান।