সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার বিরুদ্ধে জারি করা আদালত অবমাননার রুল খারিজ (রুল ডিজচার্জ) করে দিয়েছেন হাইকোর্ট৷ বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে হাইকোর্টের বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন৷ ফলে তিনি আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন৷
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এ ‘নো রুল অব ল’ শিরোনামে এ টি এম শামসুল হুদাকে উদ্ধৃত করে প্রকাশিত একটি প্রতিবেদন বিবেচনায় নিয়ে ১৮ মে একই বেঞ্চ আদালত অবমাননার রুল জারির পাশাপাশি তাঁকে ৩ জুন আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন৷
আদালতের নির্দেশ অনুসারে গতকাল আদালতে হাজির হন এ টি এম শামসুল হুদা৷ তাঁর পক্ষে ছিলেন আইনজীবী ড. কামাল হোসেন৷ ডেইলি স্টার-এর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী তানজিব-উল আলম৷
পরে ড. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, শামসুল হুদার বক্তব্যের টেপ রেকর্ডিং ও অনুলিখন আদালতে দেওয়া হয়েছে৷ ওই প্রতিবেদনে তাঁর বক্তব্য ভুলভাবে এসেছে৷ আদালত রুল খারিজ করে দিয়েছেন৷ ফলে তিনি অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন৷
সোয়া ১১টার দিকে শুনানির শুরুতে আদালত বলেন, ‘উনাকে (শামসুল হুদা) বসতে দিন৷’ পরে ড. কামাল হোসেন বলেন, আবেদন ও বক্তব্যের অনুলিপি দাখিল করা হয়েছে৷ এরপর আইনজীবী তানজিব-উল আলম হলফনামা দাখিল করে বলেন, ‘ওই প্রতিবেদনটি ভুল ছিল৷ ২৯ মে পত্রিকার মাধ্যমে পাবলিকলি ক্ষমাও চাওয়া হয়েছে৷ আদালত বলেন, এ বিষয়ে সাবধান থাকতে হবে৷ উনি (শামসুল হুদা) সম্মানিত লোক৷ এটা উনার জন্য এবং সবার জন্য ক্ষতিকর৷ উনি যখন সিইসি হিসেবে দায়িত্বে ছিলেন, তখন তো এমন কথা বলেননি৷ এ ধরনের কথা বলার কারণে তিনটি প্রতিষ্ঠান সম্পর্কে জনমনে নেতিবাচক ধারণার সৃষ্টি হতে পারে৷’ পরে আদালত আদেশ দেন৷
১৭ মে ব্র্যাক সেন্টারে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) উদ্যোগে ‘রাজনৈতিক দলসমূহ এবং বাংলাদেশে গণতন্ত্র’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন৷ পরদিন ডেইলি স্টার-এ প্রকাশিত প্রতিবেদনে শামসুল হুদাকে উদ্ধৃত করে বলা হয়, নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, বিচার বিভাগসহ সব সাংবিধানিক সংস্থা রাজনীিতকরণ হয়ে গেছে৷ এসব জায়গায় অযোগ্য ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন৷ দেশে বর্তমানে কোনো আইনের শাসন নেই৷