২৪ বছর আগের দুর্নীতির মামলায় অব্যাহতি পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন শুনানি শেষে আসামিকে মামলা থেকে অব্যাহতি দেন।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, দুর্নীতির মামলায় সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে গতকাল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। সাবেক মেয়রকে নির্দোষ দাবি করে তাঁর আইনজীবী মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে আদালত আসামি মাহমুদুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেন।
মেজবাহ উদ্দিন বলেন, ১৯৮৮ সালের ১৮ আগস্ট থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র থাকাকালে মাহমুদুল ইসলাম করপোরেশনের ঠিকাদারদের পরিশোধিত বিলের ওপর ১ থেকে ২ শতাংশ হারে টাকা কেটে রাখার নির্দেশ দেন হিসাবরক্ষক কর্মকর্তা শামসুল হক ও শান্তি পদ সেনকে। ওই টাকা থেকে ১০ লাখ টাকা চট্টগ্রাম প্রেসক্লাবকে অনুদান দেন। আরও ১২ থেকে ১৩ লাখ টাকা আসামিরা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন। এসব অভিযোগে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক মনজুর আহমেদ বাদী হয়ে ১৯৯১ সালের ৯ অক্টোবর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় মাহমুদুল ইসলাম ও দুই হিসাবরক্ষককে আসামি করা হয়। তদন্ত শেষে ১৯৯৩ সালের ৯ ফেব্রুয়ারি তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর ২০১২ সাল পর্যন্ত মামলাটির কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত ছিল। মামলার বাকি দুই আসামি শামসুল ইসলাম ও শান্তি পদ সেন মারা গেছেন। তাঁদের মামলা থেকে অব্যাহতি দেন আদালত।