অব্যাহতি পেলেন সাবেক মেয়র মহিউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাবহির্ভূতভাবে হোল্ডিং ট্যাক্স কমানোর অভিযোগের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে অব্যাহতির আদেশে স্বাক্ষর করেন। মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রাতে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
মহিউদ্দিনের আইনজীবী রনি দে প্রথম আলোকে জানান, মামলা থেকে অব্যাহিত চেয়ে মহিউদ্দিন চৌধুরী ২০০৪ সালে উচ্চ আদালতে আবেদন করেন। ২০১২ সালের ৬ আগস্ট বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ তাঁকে অব্যাহতির আদেশ দেন। আদেশটি ১৭ মে চট্টগ্রামে এসে পৌঁছায়।
মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ২০০০ সালে নগরের কোতোয়ালি আলকরণ নূপুর মার্কেটের হোল্ডিং ট্যাক্স ১৭ লাখ ৫৫ হাজার ৭৭০ টাকা কমিয়ে সিটি করপোরেশনের রিভিউ বোর্ড পাঁচ লাখ ৫০ হাজার নির্ধারণ করে। পরে প্রতিষ্ঠানের মালিক সাহেদ আজগর চৌধুরী আবেদন করলে দুই লাখ ৫০ হাজার টাকা নির্ধারণ করেন মহিউদ্দিন চৌধুরী। এতে করপোরেশনের আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।