জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বে থাকা ১৫ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি, দুটি বিভাগের সভাপতি পদে রদবদল এবং সিন্ডিকেটে পদ সৃষ্টি সাপেক্ষে দুজন শিক্ষককে দুটি নতুন পদে নিয়োগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
এ ব্যাপারে শিক্ষকেরা গতকাল বৃহস্পতিবার উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য তাঁদের কাছে দুঃখ প্রকাশ করেন। এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল আইন ও বিচার বিভাগের সভাপতি পদ থেকে শিক্ষক নাসিম আখতার হোসাইন পদত্যাগপত্র জমা দিয়েছেন।
শিক্ষক মঞ্চ, সাধারণ শিক্ষক পর্ষদ, নীল দল এবং মুক্তিযুদ্ধ ও প্রগতিবাদী চেতনায় বিশ্বাসী জোটের শিক্ষকদের প্রায় ১০ সদস্যের একটি প্রতিনিধিদল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উপাচার্য ফারজানা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সহ-উপাচার্য মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন।
উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলের সদস্যরা অব্যাহতি ও রদবদলের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেন। তাঁরা প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা অগণতান্ত্রিক চর্চার উদাহরণ। এর মাধ্যমে গোষ্ঠীস্বার্থ রক্ষা করা হচ্ছে। এ ছাড়া সিন্ডিকেটে পদ সৃষ্টি সাপেক্ষে দুজন শিক্ষককে দুটি নতুন পদে নিয়োগ দেওয়ার ঘটনাটি নজিরবিহীন বলে জানান তাঁরা।
দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বলেন, পদ সৃষ্টির আগে নিয়োগ দেওয়ার মাধ্যমে সিন্ডিকেটে একক আধিপত্য প্রমাণিত হয়। পুরো ঘটনায় উপাচার্য দুঃখ প্রকাশ করেছেন জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না বলে উপাচার্য তাঁদের আশ্বাস দিয়েছেন।
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক নাসিম আখতার বলেন, ‘শিক্ষকতা একটি সম্মানজনক পেশা। এভাবে কাউকে কিছু না জানিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া শিক্ষকদের জন্য অপমানজনক। এর ফলে শিক্ষকদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। এর প্রতিবাদে আমি পদত্যাগপত্র জমা দিয়েছি।’
চারুকলা বিভাগের সভাপতির পদ থেকে অব্যাহতির প্রতিক্রিয়ায় অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ‘উপাচার্যের সঙ্গে আমার দুবার আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনবোধে আমাকে জানানোর অনুরোধ করেছি। কিন্তু হঠাৎ করে অব্যাহতির ঘটনায় আমি বিব্রত।’
সহ-উপাচার্য মো. আবুল হোসেন বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিচালনায় তাঁরা সবার সহযোগিতা চেয়েছেন। তাঁদের ভুলভ্রান্তি থাকতে পারে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে তাঁরা সতর্ক থাকবেন।
উপাচার্য ফারজানা ইসলাম বলেন, ‘এ ঘটনায় আমি দুঃখ প্রকাশ করেছি। তবে নতুন প্রশাসন দায়িত্ব নিলে কিছু পরিবর্তন আসা স্বাভাবিক। এটা তাদেরও বুঝতে হবে এবং বোঝার জন্য সময়ও দিয়েছি। এখন সবার সহযোগিতা প্রত্যাশা করছি।’
এদিকে উপাচার্যের সঙ্গে সাক্ষাতের পর গতকাল বিকেলে নীল দল ও সাধারণ শিক্ষক পর্ষদ যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, বর্তমান প্রশাসন বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব থেকে আওয়ামীপন্থী ও প্রগতিশীল শিক্ষকদের অব্যাহতি দিয়ে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের বিশেষ উপায়ে নিয়োগ দিয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নজিরবিহীন। উপাচার্য নারী হয়েও একটি হলের নারী প্রাধ্যক্ষকে অব্যাহতি দেওয়া এবং ভাষা শিক্ষা কেন্দ্রের পরিচালকের পদে থাকা নারী শিক্ষককে এক বছরের মাথায় পদ থেকে সরিয়ে দেওয়ার সমালোচনা করা হয় বিবৃতিতে। পাশাপাশি উপাচার্যকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।