২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার দায় থেকে আরও দুই আসামির অব্যাহতির আবেদনের শুনানি শেষ হয়েছে। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন শুনানি গ্রহণ করেন।ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। আদালত আগামী ১৩ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন।গতকাল আসামি মাওলানা আবদুর রউফ ও শরিফ শাহেদুল আলম ওরফে বিপুলের পক্ষে করা অব্যাহতির আবেদনের ওপর শুনানি শেষ হয়। আসামি শাহাদাত উল্লাহ ওরফে জুয়েলের পক্ষে আংশিক শুনানি শুরু হয়েছে।এ নিয়ে ৩০ আসামির পক্ষে শুনানি শেষ হয়েছে। এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানের সহযোগী আকরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, জঙ্গি নেতা জুয়েল ছাড়াও আসামি জাহাঙ্গীর আলম ও বিএনপিপন্থী কমিশনার আরিফের অব্যাহতির আবেদনের শুনানি হয়নি।এর আগে কারাগার থেকে জামায়াত নেতা সাবেক মন্ত্রী আলী আহসান মুজাহিদ, প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ কারাগারে থাকা ৩২ আসামিকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে জামিনে থাকা ওয়ার্ড কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফ আদালতে হাজির ছিলেন।গত বছরের ৩ জুলাই সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ বিএনপির তারেক রহমানসহ অতিরিক্ত আরও ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেন।