অভয়নগর ও রাজবাড়ীতে দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার মশিয়াহাটি বাজারে গণপিটুনিতে আহত এক তরুণ গত সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই তরুণের নাম রনি (২০)। তিনি উপজেলার নওয়াপাড়া রেল বস্তির আবদুস ছালামের ছেলে। রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় মশিয়াহাটি বাজার থেকে সাইকেল চুরি করার সময় লোকজন রনিকে ধরে গণপিটুনি দেন। কয়েকজন অজ্ঞাতনামা তরুণ রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে ফেলে রেখে যান। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আবদুস ছালেকের ভাষ্যমতে, রনি একজন পেশাদার চোর।
অটোরিকশার টাকা চাওয়াকে কেন্দ্র করে গত শনিবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পুরান ঘুরঘুরিয়া গ্রামের সরজিৎ সরকারের সঙ্গে তাঁর বড় ভাই ভুলেন্দ্রনাথ সরকারের (৩৫) কথা-কাটাকাটি হয়। এ সময় সরজিৎ ভুলেন্দ্রনাথের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। ওই দিনই তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গতকাল মঙ্গলবার ভোরে তিনি মারা যান।