অভয়নগর থানার ওসি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলায় গত এক মাসে পাঁচজন খুন হয়েছেন। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগের দুজন নেতা রয়েছেন। অব্যাহত খুনের ঘটনায় গত শুক্রবার অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেককে প্রত্যাহার করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র শুক্রবার রাতে বলেন, ‘সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডের কারণে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এ কারণে কাজী আবদুস সালেককে যশোরের পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবারই তিনি পুলিশ লাইনে যোগদান করেছেন।’
খুলনার ফুলতলা থানার ওসি এমদাদ হোসেনকে অভয়নগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। তিনি শুক্রবার রাতেই নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
গত ১০ অক্টোবর রানাগাতী গ্রামের জাহাঙ্গীর মল্লিক, ২৭ অক্টোবর নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ১০ নভেম্বর মাগুরা গ্রামের ইকবাল হোসেন, ১১ নভেম্বর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক ওরফে বিপ্লব এবং ১৪ নভেম্বর শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম বিশ্বাস খুন হন।