অভয়নগরে সাবেক সেনাসদস্যকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার পাইকপাড়া গ্রামের পাশের বিলে গত সোমবার রাতে পেশাদার মোটরসাইকেলচালক সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে (৪০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর বাড়ি উপজেলার নাউলি গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে এলাকাবাসী পাইকপাড়া গ্রামের পাশের বিলের মধ্যে রাস্তার ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পুলিশ ওই রাতেই ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। তাঁর পরনে ছাই রঙের প্যান্ট ও চেকশার্ট ছিল। 

ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, মোটরসাইকেল ছিনতাইকারীরা হাফিজুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুছ ছালেক বলেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হাফিজুরকে ঘাড়ে কোপ দিয়ে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।