অভাব ওদের লড়তে শিখিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাদের একজনের বাবা রিকশাভ্যানের চালক। তিনজনের বাবা সবজি, পেঁয়াজি ও ফল বিক্রেতা।

তাই অভাব ওদের লড়তে শিখিয়েছে। কঠোর পরিশ্রম করে তারা এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে (এসএসসি) সাফল্য পেয়েছে। পাস করেছে জিপিএ-৫ পেয়ে।

সবুজের বাবা রিকশাভ্যানচালক

মো. সবুজ হোসেনের বাবা বেলাল হোসেন রিকশাভ্যানের চালক। বাড়ি বগুড়ার ধুনট পৌরসভার জিঞ্জিরতলা গ্রামে। বসতভিটা ছাড়া কিছুই নেই। ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের পরিবারের খরচ জোগাড় করতে তিনি হিমশিম খান। তাঁর স্ত্রী ফুলেরা খাতুন গৃহিণী। তাই ঘরের কাজেমাকে সহযোগিতার পর সবুজ পড়াশোনা করেছে। টাকার অভাবে কোনো দিন প্রাইভেট পড়তে পারেনি। তা সত্ত্বেও সে বারবার পরীক্ষায় ভালো ফল করেছে। সে এবার ধুনট এনইউ পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করেছে। এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়ও সবুজ জিপিএ-৫ পেয়েছিল।

সবুজের বাবা বেলাল হোসেন বলেন, ‘আমার বড় ছেলে কলেজে পড়ে। সংসারের খরচ জোগাইতে খুব কষ্ট। এর মধ্যেও আমার সবুজ ভালো ফল করছে শুইন্যা সব কষ্ট ভুইলা গেছি।’

সবুজ হোসেন বলে, ‘আমি একজন সৎ পুলিশ কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখি।’

চোখের চিকিৎসক হতে চায় আরছিনা

আরছিনা আক্তারের বাবা আলাউদ্দিন স্থানীয় বাজারে সবজি বিক্রি করেন। মা রওশন আরা খেত থেকে আলু, পটোল, ঢ্যাঁড়সসহ নানা জাতের মৌসুমি সবজি তোলার কাজ করেন। বাড়ি দিনাজপুর সদর উপজেলার বলদিয়াপুকুর গ্রামে। ভিটেমাটি ছাড়া কোনো জমি নেই। দুজনের আয়ে সাত সদস্যের পরিবার চলে। এই পরিবারের মেয়ে আরছিনা প্রতিদিন ভোরে সাইকেলে প্রায় পাঁচ কিলোমিটার দূরে চেরাডাঙ্গী উচ্চবিদ্যালয়ে গিয়ে পড়ত। এবার সে এই বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দেয়। এর আগে পিইসি ও জেএসসিতেও জিপিও-৫ পেয়েছিল।

আরছিনার মা রওশন আরা বলেন, ‘গাঁয়ের সবাই ভয় দেকাচে, টাকাপয়সা নাই, ক্যাংকা করি হামরা ছোলোক পড়ামো বুজবার পারুচি না।’

আরছিনা বলে, পাঁচ ভাইবোনের মধ্যে সে চতুর্থ। ছোটবেলা থেকে সে চোখে কম দেখে। তাই সে চোখের চিকিৎসক হয়ে শিক্ষার্থীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতে চায়।

মালা গেঁথে পড়াশোনা করে ওয়াহেদ

বাড়িতে বিদ্যুৎ নেই। কুপিবাতি জ্বালিয়ে অনেক রাত জেগে পড়ত ওয়াহেদ আলী। বিকেলে প্রতিবেশীদের বাণিজ্যিক বাগানে ফুলের মালা গাঁথত। প্রতিটি মালার জন্য পেত দুই টাকা। প্রতিদিন গড়ে ৫০টি মালা গাঁথে সে। এ দিয়ে পড়াশোনার খরচ চলে। বাড়ি নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে। ফেলু প্রামাণিক ও মর্জিনা বেগম দম্পতির ছেলে ওয়াহেদ এবার রঘুনাথপুর উচ্চবিদালয় থেকে এসএসসি পরীক্ষা দেয় বিজ্ঞান বিভাগে। সে পিইসিতেও জিপিএ-৫ পেয়েছিল।

মর্জিনা বেগম বলেন, বসতভিটাই তাঁদের সম্বল। পাটখড়ির বেড়ার একটি ঘর। ছয় সদস্যের সংসারে অভাব-অনটন লেগেই থাকে।

বাবা ফেলু প্রামাণিক বলেন, পড়ালেখার প্রতি তাঁর ছেলেমেয়েদের আগ্রহ অনেক। কিন্তু তিনি পেঁয়াজি বিক্রি করে ওদের মুখে খাবার তুলে দেবেন না পড়াশোনা করাবেন, তা ভেবে পান না।

ওয়াহেদ বলে, সে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে।

দিনে আট ঘণ্টা পড়ত সঞ্জিতা

নাম তার সঞ্জিতা মোহন্ত। সে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের ফল বিক্রেতা অনন্ত মোহন্ত ও গৃহিণী সুকৃতি মোহন্তের মেয়ে। সে প্রতিদিন অন্তত আট ঘণ্টা পড়াশোনা করেছে। এভাবে এবার মুন্সীবাজারের কালী প্রসাদ উচ্চবিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে এসএসসি পরীক্ষা দিয়ে ভালো ফল করে। এর আগে সে পিইসিতেও জিপিএ-৫ পেয়েছিল।

অনন্ত মোহন্ত বলেন, চার শতক জমির ওপর বসতভিটা ছাড়া তাঁর কোনো সম্পত্তি নেই। ফল বিক্রি করে যা আয় করেন, তা দিয়ে কষ্ট করে সংসার চলে। এর মধ্যেও তাঁর মেয়ে ভালো ফল করায় তিনি খুবই খুশি।

 সঞ্জিতা মোহন্ত বলে, উচ্চতর পড়াশোনা শেষে সে শিক্ষক হতে চায়। শিক্ষার্থীদের, বিশেষ করে তার মতো অর্থের অভাবে যারা প্রাইভেট পড়তে পারে না, তাদের সে সহযোগিতা দিতে চায়।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন নাটোর, কমলগঞ্জ (মৌলভীবাজার), ধুনট (বগুড়া) প্রতিনিধি ও দিনাজপুর সংবাদদাতা]