অভাব ঘোচাতে সৌদি আরব যাওয়ার পর লাশ
পরিবারের অভাব ঘোচাতে সৌদি আরব গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বাংলাদেশি শ্রমিক আবুল খায়ের (৩৫)। তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনার দক্ষিণ রায়পুর গ্রামের হাওলাদার বাড়ির আবদুল কাদিরের ছেলে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় খায়েরের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
খায়ের গত বুধবার সকাল আটটার দিকে সৌদি আরবের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন। দেশে করাতকলের কাজ ছেড়ে শ্বশুর ও পরিবারের সদস্যদের কাছ থেকে নেওয়া ৪ লাখ ২০ হাজার টাকা খরচ করে সৌদি আরবে পাড়ি জমান তিনি। কিন্তু সেখানে পৌঁছানোর কয়েক ঘণ্টা পর দেশটির হাইল প্রদেশের তাবুক রোডের দিলহান এলাকায় সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় খায়েরসহ দুজনের প্রাণ।
খায়েরের বড় ভাই আবুল কাশেম জানান, দীর্ঘদিন ধরে অর্থসংকটে ভুগছিলেন খায়ের। স্ত্রী ও মেয়ে রাহাকে (৬) নিয়ে তিনি সব সময় উদ্বিগ্ন থাকতেন। অভাবের সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতে তিনি স মিলের কাজ ছেড়ে সৌদি আরবে যান। সৌদি আরবের বিমানবন্দর থেকে প্রাইভেট কারে চড়ে বাসায় যাওয়ার পথে বুধবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে আবুল খায়ের ও দুলাল হোসেন নিহত হন।
চরমোহনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিকুর রহমান পাঠান বলেন, খায়েরের পরিবার খুবই দরিদ্র। ধারদেনা করে তিনি সৌদি আরব যান। দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।