অভাব অক্টোপাসের মতো ঘিরে ধরলেও পরিশ্রম, অধ্যবসায় আর একাগ্রতার কারণে স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেছে তারা। আর্থিক দৈন্য ও নানা প্রতিকূলতার মধ্যেও এসব মেধাবী পড়ালেখা চালাতে একটা পথ খুঁজে নিয়েছে। এবারের এসএসসি পরীক্ষায় তাঁরা জিপিএ-৫ পেয়েছে। এই সাফল্য সত্ত্বেও ভবিষ্যতে পড়াশোনা চালিয়ে যেতে পারবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় এসব মেধাবী ও তাদের পরিবার। জোড়াতালির জামা পরে স্কুলে যেত কুলসুম: ১০ মাস বয়সে বাবাকে হারায় কুলসুম আক্তার। এরপর অভাবের তাড়নায় কুলসুমের মা দেলোয়ারা বেগম দুই মেয়েকে নিয়ে দরিদ্র মায়ের কাছে আশ্রয় নেন। অভাবের সংসারে অন্ন জোগাতে দেলোয়ারা ঋণের টাকায় একটি সেলাইমেশিন কেনেন। কুলসুমকে স্কুলে ভর্তি করান। শৈশব থেকে পড়ালেখার পাশাপাশি কুলসুম মায়ের কাছে সেলাই ও সুই-সুতার কাজ শেখে। ধীরে ধীরে কুলসুমও সেলাইমেশিন চালিয়ে সংসারে অর্থ জোগানোর পাশাপাশি পড়ালেখার খরচ চালাতে থাকে। অন্যের জামা সেলাই করে বেঁচে যাওয়া ছাঁট কাপড় জোড়াতালি দিয়ে তৈরি জামাকাপড় পরে বিদ্যালয়ে যেতে হয়েছে কুলসুমকে। খাবার না থাকায় অনেক সময় পানি খেয়ে স্কুলে যেতে হয়েছে তাকে। জয়পুরহাটের কালাই উপজেলার শান্তিনগর উচ্চবিদ্যালয়ের ছাত্রী কুলসুম বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। কুলসুম বলে, তার স্বপ্ন চিকিৎসক হয়ে গরিব ও দুঃখীদের সেবা করা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন বলেন, ‘নিজের উপার্জনের টাকায় পড়ালেখার খরচ চালিয়েও সে ঈর্ষণীয় ফল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।’মাহতাব লড়েছে ক্ষুধার সঙ্গে: ‘পেটে বুক (ক্ষুধা) লাগত। পানি ছাড়া ঘরে খাইবার কিছু থাকত না। মা যাইতেন বাড়ি বাড়ি কাজে। বাবা সবজি ফেরি করতেন। আমি পেটে বুক নিয়ে পড়তাম। পড়ায় থাকার মইধ্যে বুক সামলাইতাম।’ এভাবেই বলছিল মাহতাব আহমদ। সিলেট পাইলট উচ্চবিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে। চোখের চশমা দেখিয়ে বলে, ‘না খাইতে খাইতে আমার চোখে সমস্যা অইছিল। ডাক্তার চশমা দিছে। আমি ভালো ফল করছি, পেটের ক্ষুধারে জয় করছি।’ মাহতাবের পরিবার সিলেট নগরের পশ্চিম পীরমহল্লার একটি বস্তিতে থাকে। মাহতাবের বাবা আবদুল কুদ্দুস বলেন, ‘ছেলে তো উপোস হয়ে পড়ছে। ভালো ফল করল। ছেলেরে নিয়ে সামনে কেমন করে চলমু, তাই ভাবছি। তয় যত দুর্দিন আসুক, ছেলেরে পড়ামু।’মাহতাব বলে, ‘কঠিন সময়টা তো পার করে এলাম। এখন প্রাইভেট পড়িয়ে লেখাপড়া চালিয়ে যেতে পারব।’ ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে। বাদাম বেচে পড়েছে সুমন: বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের এমপি এসটি উচ্চবিদ্যালয় থেকে সুমন কুমার সাহা জিপিএ-৫ পেয়েছে। তার বাবা পিরহাটি গ্রামের শন্তোষ সাহা কাঁচা বাদাম কিনে বাড়িতে ভেজে বাজারে বিক্রি করে অনেক কষ্টে সংসার চালাতেন। সুমন বলে, ‘পড়ালেখার পাশাপাশি হাটবাজার ও বিভিন্ন মেলায় বাদাম বিক্রি করেছি। এতে কখনো লজ্জা পাইনি। তবে কখনো স্যারদের সামনে পড়লে খারাপ লাগত। অনেক সময় বন্ধুদের কাছ থেকে বই ধার করে পড়েছি।’ ভবিষ্যতে সে ব্যাংকার হতে চায়।শন্তোষ সাহা জানান, ‘ছেলেকে অনেক সময় দুই বেলা পেট পুরে খেতে দিতে পারিনি। বাবা-ছেলে মিলে বাদাম বিক্রি করে সংসার চালাতাম।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী বলেন, ‘হতদরিদ্র পরিবারের ছেলে সুমন পড়ালেখার ফাঁকে বাদাম বিক্রি করে জিপিও-৫ পেয়ে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে।’বাবুর্চির কাজ করেছে তাপস: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশনের তাপস চন্দ্র সাহা বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে। ছোটবেলায় তাপস বাবাকে হারায়। মা অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। তাপসের মামা টিটু সাহা বলেন, ‘অনেক সময় আমার সঙ্গে তাপস বাবুর্চির কাজ করত।’আচমিতা গ্রামের বাসিন্দা তাপস জানায়, ‘কীভাবে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করব, তা নিয়ে আমি চিন্তিত।’ তাপসের মা কাজলী রানী সাহা বলেন, তাপস অনেক দিন না খেয়ে বাড়ি থেকে পাঁচ কিলোমিটার হেঁটে গিয়ে পরীক্ষা দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকেরা তাকে নিঃখরচায় পড়িয়েছেন। প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আনোয়ার পারভেজ, কালাই (জয়পুরহাট), উজ্জল মেহেদী, সিলেট, মাসুদ রানা, ধুনট (বগুড়া), সিরাজুল সালেহীন, কটিয়াদী (কিশোরগঞ্জ)