অভাব স্বভাব প্রভাব ও চাপের কারণে দুর্নীতি কমছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভাব, স্বভাব, প্রভাব ও চাপের কারণে দুর্নীতি কমছে না। দুর্নীতি দূর করতে হলে সমাজ ও রাষ্ট্রকে প্রভাবমুক্ত হতে হবে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া দুর্নীতি দূর করা সম্ভব নয়।

গতকাল বুধবার দুপুরে কুমিল্লা টাউন হল মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান এসব কথা বলেছেন।

দুদক চেয়ারম্যান বলেন, সমাজের সর্বত্র দুর্নীতি রয়েছে। কোথাও বেশি, কোথাও কম। কেউ প্রত্যক্ষভাবে দুর্নীতি করে, কেউ পরোক্ষভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়ে। এ অবস্থা থেকে উত্তরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে। এ ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।

সভায় একজন প্রশ্ন করেন, দুদক স্বাধীন প্রতিষ্ঠান কি না। জবাবে মো. বদিউজ্জামান বলেন, ‘দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। এটি কারও আজ্ঞাবহ নয়। দুদক কেবল রাষ্ট্রপতির কাছে বার্ষিক একবার প্রতিবেদন জমা দেয়।’

 কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন দুদকের লিগ্যাল অ্যান্ড প্রসিকিউটরের মহাপরিচালক কামরুল হোসেন, চট্টগ্রাম বিভাগীয় দুদকের পরিচালক মো. আবদুল আজিজ ভূঁইয়া, জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, দুর্নীতি দমন কমিশন কুমিল্লার উপপরিচালক শহীদ উল্লাহ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি মমিনুল হক চৌধুরী।অনুষ্ঠানটি পরিচালনা করেন সনাক কুমিল্লার সাবেক আহ্বায়ক বদরুল হুদা।