অভাবজয়ী দুই সেনানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র অভাবের মাঝেও পরীক্ষায় ভালো ফলাফল করার দুর্বার আকাঙ্ক্ষা ছিল ওদের মনে। চরম দারিদ্র্য, বৈরী পরিবেশ এবং বাধার পাহাড় ডিঙিয়ে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ওরা। জিপিএ-৫ পাওয়া এমন মেধাবী শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জনকে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি দেবে।

গৃহশিক্ষকতা করে লেখাপড়া: সেলিম রেজার বাবা জাহাঙ্গীর হোসেন ভূমিহীন। সেলিমের বয়স যখন ১০, তখন সড়ক দুর্ঘটনায় তার বাবার কোমরের হাড় ভেঙে যায়। সেই থেকে তিনি কোনো কাজকর্ম করতে পারেন না। তাঁদের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শ্যামপুর গ্রামে। দুই ভাইবোনের মধ্যে সেলিম বড়। তাই সংসারের ভার তাকেই নিতে হয়েছে। সে গৃহশিক্ষকতা করে সংসারের খরচ জোগাড় করার পাশাপাশি লেখাপড়া চালিয়ে গেছে। ক্ষেতলালের শিবপুর নোমানিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সেলিম। সে জানায়, লেখাপড়া করে সে প্রকৌশলী হতে চায়।

বাবার মুখ উজ্জ্বল করেছে পারভিন: পর পর তিন মেয়ের জন্ম হওয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়নাভরট গ্রামের ভ্যানচালক ফরিদুল ইসলাম চিন্তিত ছিলেন। তাঁর ধারণা ছিল, মেয়ে মানেই সংসারের বোঝা। কিন্তু বড় মেয়ে পারভিন খাতুন রয়নাভরট উচ্চবিদ্যালয় থেকে মানবিকে জিপিএ-৫ পেয়ে বাবার সেই ধারণা পাল্টে দিয়েছে। মেয়ের ভালো ফলাফলে উচ্ছ্বসিত ফরিদুল বলেন, ‘মেয়েটা যদি ভালো করি পড়ে তাহলে সবশেষ পর্যন্ত পড়াব। এখন দুই বেলা ভ্যান চালাই। প্রয়োজনে দিনরাত ভ্যান চালাব। এখন ওরাই আমার ব্যাডা (ছেলে)।’

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আজিজার রহমান, ক্ষেতলাল (জয়পুরহাট) ও মোক্তার হোসেন, নাটোর]