ভাষা আন্দোলনের সময়ে মাদারীপুর ছিল ফরিদপুর জেলার একটি মহকুমা শহর। অবিভক্ত বঙ্গে ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে বিপ্লবীয়ানার একটি ঘাঁটি তৎকালীন মাদারীপুর মহকুমা।
দেশভাগের পর প্রতিষ্ঠিত পাকিস্তানের পূর্বাঞ্চল পূর্ববঙ্গে নয়া রক্ষণশীল দ্বিজাতিতত্ত্বের ধারক হয়েও রাষ্ট্রভাষা বাংলার প্রশ্নে পূর্ব ঐতিহ্যেরই প্রকাশ ঘটায় মাদারীপুর। ১৯৪৮ সালে সংঘটিত ভাষা আন্দোলনের প্রভাব পড়ে মাদারীপুরে।
এ সময় পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণায় বাংলাবিরোধিতার যে প্রকাশ, তার প্রতিবাদে মাদারীপুরের চরমুগুরিয়া বন্দরের মার্চেন্ট স্কুলের ছাত্ররা বিক্ষোভ, ধর্মঘট ও মিছিলের মাধ্যমে আন্দোলনের সূচনা ঘটায়। ঢাকার বাইরে এখানেও স্কুলের ছাত্ররাই আন্দোলনের ঘটকশক্তি। নেতৃত্বে ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র সরদার আবুল ফজল। তার সহযাত্রী আবদুল মান্নান ভূঁইয়া, আবদুল লতিফ ও সৈয়দ আলী।
আটচল্লিশের আন্দোলন এখানে ততটা প্রবল না হলেও এর ধারাবাহিকতায় ১৯৫১ সালের এপ্রিলের প্রথম দিকে আন্দোলন নতুন করে জোরালো গতিবেগ অর্জন করে স্কুলছাত্রদের তৎপরতায়। সঙ্গে সদ্য প্রতিষ্ঠিত নাজিমউদ্দিন কলেজের রাজনীতিমনস্ক ছাত্ররা। এ ক্ষেত্রে নেতৃত্বদানে বিশেষ ভূমিকা পালন করে ইসলামিয়া হাইস্কুল।
ভাবা যায়, এ স্কুলেরই অষ্টম শ্রেণির ছাত্র নূরুল হক ভাষা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে! মনে হয় রাজনীতি ছিল ছাত্রটির রক্তে। তবে এ আন্দোলনের উত্তপ্ত প্রকাশে বিশেষ অবদান লক্ষ করা যায় নাজিমউদ্দিন ছাত্র ইউনিয়নের ভিপি পূর্বোক্ত স্কুলছাত্র সরদার আবুল ফজলের। তার সহকর্মী ছিলেন মতিয়ার রহমান, আবদুল মান্নান, আজিজ হাওলাদারসহ একাধিক ছাত্রনেতা-কর্মী। এ পর্বে সংগ্রাম পরিষদের আহ্বায়ক পূর্বোক্ত নূরুল হক।
দুই
এরপর ১৯৫২ সালের ফেব্রুয়ারি তথা একুশে ফেব্রুয়ারির বিস্ফোরক আন্দোলন। ঢাকা থেকে ঘোষিত একুশে ফেব্রুয়ারির কর্মসূচি প্রায়ই ঢাকার বাইরে শহরে পালিত হয়েছে গতানুগতিক ধারায়। একইভাবে তা মাদারীপুরেও পালিত হয়।
তবে, যেমনটা প্রায় প্রতিটি ক্ষেত্রে ঘটেছে, ঢাকায় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের প্রতিক্রিয়ায় (মূলত ছাত্র হত্যার কারণে), তেমনি মাদারীপুরের আন্দোলনেও জোয়ারি আবেগ সৃষ্টি হয়। খবর আসে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায়। পরদিন থেকে স্বতঃস্ফূর্ত আবেগে মাদারীপুরে ভাষা আন্দোলনে জোয়ারি কলরোল। অনুষ্ঠিত হয় প্রতিবাদসভা, সভাপতি পূর্বোক্ত কলেজের মেধাবী ছাত্র শামসুল আলম।
প্রসঙ্গত, একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন, ঢাকায় ভাষা আন্দোলন স্তব্ধ করে দিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়ার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়সহ মেডিকেল কলেজের কিছুসংখ্যক ছাত্র কেন্দ্রীয় নির্দেশে নিজ নিজ এলাকায় চলে গিয়েছিল সেখানে স্থানীয় ভাষা আন্দোলনে সহযোগিতা করতে। আমার সহপাঠী সিরাজুল হকও গিয়েছিল মাদারীপুরে, তবে সেটা সম্ভবত ২৪ তারিখ নয়, আরও পরে। আর সিরাজ বরকতকে নয়, গুলিবিদ্ধ আবদুল জব্বারকে বহন করে নিয়ে গিয়েছিল হাসপাতাল ইমার্জেন্সিতে, প্রত্যক্ষ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এ কথা বলছি, আনিসুর রহমানের প্রতিবেদনের তথ্য তাই সংশোধনের অপেক্ষা রাখে।
উল্লিখিত প্রতিবেদনমতে, সিরাজুল হক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবিবুর রহমান মাদারীপুর এসে আন্দোলনের শক্তি বৃদ্ধির চেষ্টা করেন। যা-ই হোক, ২৪ ফেব্রুয়ারি মাদারীপুরে পরিপূর্ণ হরতাল পালিত হয়।
মহকুমা শহরের বিচারে অভাবিত দীর্ঘ বিক্ষোভ মিছিল প্রশাসনের পক্ষে উদ্বেগের কারণ হয়ে ওঠে। রক্ষণশীল চিন্তার মহকুমা প্রশাসক দমননীতির মাধ্যমে আন্দোলনে ইতি টানতে চেষ্টা করেন। কিন্তু নানা কারণে সেটা তাঁর পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। ছাত্র ধর্মঘট চলতেই থাকে। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয় নেতৃস্থানীয় কয়েকজন ছাত্রকে। যেমন নুরুল হক, ভোলানাথ দেবনাথ। অবশ্য একসময় নিজের নিয়মেই আন্দোলনে যবনিকাপাত ঘটে।