অভাবী কিডনি বিক্রেতাদের পাশে দাঁড়াবে সরকার
জয়পুরহাটের কালাই উপজেলায় কিডনি ও যকৃ ৎ বিক্রি করে দেওয়া প্রতারিত অভাবীদের ঋণের ফাঁদ থেকে মুক্ত এবং পুনর্বাসন করবে প্রশাসন। বেসরকারি সংস্থা (এনজিও) ও দাদন ব্যবসায়ীদের চাপে পড়ে কেউ কিডনি বিক্রিতে বাধ্য হয়ে থাকলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।গতকাল মঙ্গলবার কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সভায় জয়পুরহাটের জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস এ কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সভাটির শিরোনাম ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইমাম ও ধর্মীয় নেতাদের ভূমিকা’ হলেও তা কিডনি বিক্রি বন্ধে গণসচেতনতা সৃষ্টিমূলক সভায় পরিণত হয়।সভায় অংশগ্রহণকারী মসজিদের ইমাম ও মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, আর একটিও কিডনির বিক্রির ঘটনা যাতে না ঘটে, এ জন্য ব্যাপক গণসচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে। কিডনি বিক্রির বিধিনিষেধ ও স্বাস্থ্যহানির কথা জানিয়ে মসজিদে মসজিদে বিশেষ খুতবায় মানুষকে সচেতন করতে হবে।জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, আর্থিক পুনর্বাসনের চেয়েও এই মুহূর্তে ভুক্তভোগী প্রতারিত কিডনি বিক্রেতাদের সামাজিক ও মানবিক পুনর্বাসন জরুরি হয়ে পড়েছে। অনেকেই আতঙ্কে আছেন, হীনম্মন্যতায় ভুগছেন। এ নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর কিডনি বিক্রেতাদের ঋণমুক্ত ও পুনর্বাসন করার সব ধরনের উদ্যোগ নেবে প্রশাসন।সভায় কিডনি বিক্রি বন্ধে গণসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দিয়ে আরও বক্তব্য দেন সিভিল সার্জন মোজাম্মেল হক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু তাহের, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফিজুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস আলী মণ্ডল, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার আল মামুন, কালাই পৌরসভার মেয়র তৌফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।তথ্য সংগ্রহ ও সাক্ষ্য গ্রহণ শুরু: এদিকে এনজিও ও দাদন ব্যবসায়ীদের ঋণ শোধ না করতে পেরে কিডনি বিক্রির ঘটনা ঘটেছে কি না এবং তাদের কাছে কিডনি বিক্রেতাদের আর কোনো ঋণ আছে কি না, তা খতিয়ে দেখতে কালাই উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি তিনটি দলে বিভক্ত হয়ে গতকাল থেকে তথ্য সংগ্রহ ও ভুক্তভোগীদের সাক্ষ্য গ্রহণ শুরু করেছে। কমিটির সদস্য ও মাত্রাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার বলেন, ‘ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা, টিএমএসএস, জেআরডিএম, এসএসএস, বিআরডিবিসহ বেশ কয়েকটি বেসরকারি সংস্থার স্থানীয় শাখাপ্রধানদের গতকাল ইউপি মিলনায়তনে ডেকেছিল কমিটি। সেখানে তাঁদের সামনেই কয়েকজন কিডনি বিক্রেতা ঋণ আদায়ে এনজিওগুলোর মাঠকর্মী ও কর্মকর্তাদের জুলুম-নির্যাতনের কথা তুলে ধরেন।এদিকে উদয়পুর ইউনিয়নের কয়েকটি গ্রামে কিডনি বিক্রেতাদের বাড়ি বাড়ি গিয়ে সাক্ষ্য নেয় তদন্ত কমিটি। কমিটির সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ এস এম কাওছার রহমান প্রথম আলোকে বলেন, ‘অধিকাংশ কিডনি বিক্রেতা গা ঢাকা দিয়েছেন। দালাল হিসেবে কেউ কেউ মামলার আসামি হওয়ায় তেমন কাউকে পাওয়া যায়নি। তিনজন কিডনি বিক্রেতার সাক্ষ্য নিয়েছি। এর মধ্যে দুর্গাপুরের সাইদুর রহমান মেয়ের বিয়ের খরচ জোগাতে কিডনি বিক্রি করেছেন বলে জানিয়েছেন। লজিমদ্দিন নামের একজন জানান, স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ায় দেনমোহরের ৩০ হাজার টাকা জোগাতে গিয়ে তিনি কিডনি বিক্রি করেছেন। এখন পর্যন্ত কোনো এনজিওর বিরুদ্ধে অভিযোগ পায়নি তদন্ত কমিটি।’প্রতারিত ব্যক্তিদের আইনি সহায়তা দেবে আসক: দালাল চক্রের ফাঁদে পড়ে কিডনি ও যকৃ ৎ বিক্রি করে দেওয়া প্রতারিত মানুষদের আইনি সহায়তা দেবে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গত সোমবার আসকের তদন্ত দলের সদস্যরা কালাইয়ের বিভিন্ন গ্রামে গিয়ে ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলেন।তদন্ত দলের সদস্যরা বলেন, প্রথম আলোর প্রতিবেদনের সূত্র ধরে প্রতারিত সেলিনা বেগম, মেহেরুল ইসলাম, শাহারুল ইসলাম, রেবেকা বেগম, আবদুল ওহাব এবং যকৃ ৎ বিক্রিতে প্রতারিত মেহেদী হাসানের বাড়ি গিয়ে তদন্ত দলের সদস্যরা তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রতারিত ব্যক্তিদের পাশে থাকার আশ্বাস দেন তদন্ত দলের সদস্যরা।