অভাবে আছেন আদিবাসী নারী কৃষিশ্রমিকেরা
আমন ধান পাকতে বাকি আরও ১৫-২০ দিন। এই সময় এ অঞ্চলের কৃষিশ্রমিকদের হাতে কাজ থাকে না। আদিবাসী নারী শ্রমিকদের বেশ কদর থাকলেও তাঁদের হাতে এখন কাজ নেই। সংসারের খরচ জোগাতে অনেকেই বাধ্য হয়ে কম দামে আগাম শ্রম বিক্রি করছেন।
কাজ না পেয়ে অনেক আদিবাসী নারী শ্রমিক জলাশয় থেকে ঝিনুক সংগ্রহ করে সেগুলো রান্না করে খাচ্ছেন। পরে খোলসটা বিক্রি করে সংসার চালানোর চেষ্টা করছেন।
জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও শাখা সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় প্রায় ৩৫ হাজার আদিবাসী বসবাস করেন। এঁদের মধ্যে ওঁরাও, সাঁওতাল, মুশোহর, পাহান ও মুন্ডা অন্যতম। আদিবাসী নারীদের অধিকাংশই কৃষিশ্রমিক হিসেবে কাজ করে সংসার চালান। কঠোর পরিশ্রম ও সহজ-সরল আদিবাসীদের শ্রমের দাম অপেক্ষাকৃত কম। তাই তাঁদের শ্রমের চাহিদা অনেক বেশি। কিন্তু খেতে আমন ধান লাগানোর পর তাঁদের আর তেমন কাজ থাকে না। কাজ না থাকায় ভাদ্র থেকে কার্তিক মাসে সবচেয়ে সমস্যায় পড়েন তাঁরা।
গত মঙ্গলবার শহরের টাঙ্গন নদে গিয়ে দেখা যায়, ছয়-সাতজন আদিবাসী নারী নদের হাঁটুপানিতে নেমে ঝিনুক সংগ্রহ করছেন। সংগ্রহের পর ঝিনুকগুলো অ্যালুমিনিয়ামের পাতিলে তুলে রাখছেন। এ সময় জুলি হেমরন জানান, শহরের গোবিন্দনগরে তাঁদের বাড়ি। হাতে কাজ না থাকায় তাঁরা নদ থেকে ঝিনুক সংগ্রহ করছেন। ঝিনুকের মাংসালো অংশটুকু রান্না করে খাওয়ার পর খোলসটা চুন তৈরির কারিগরদের কাছে বিক্রি করবেন। বিক্রির টাকায় চাল-ডালসহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন। সুজাতা কেরকাটা জানান, দু-তিন ঘণ্টা সময় দিলে এক ঝাঁপি ঝিনুক পাওয়া যায়। চুনিরা (চুন তৈরির কারিগর) বাড়ি থেকে প্রতি ঝাঁপি ঝিনুক ৪০ থেকে ৫০ টাকায় কিনে নিয়ে যান।
জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও শাখার উপদেষ্টা ইমরান হোসেন চৌধুরী জানান, এখন হাতে কাজ না থাকায় আদিবাসী নারীরা আগামী অগ্রহায়ণ মাসে ধান কাটা, ইটভাটায় ইট তৈরি ও বাড়িতে কৃষিশ্রমিকের কাজ করতে চুক্তিবদ্ধ হচ্ছেন। এ জন্য তাঁরা দিন হাজিরা ১৫০-১৮০ টাকায় আগাম শ্রম বিক্রি করছেন। অথচ ভরা মৌসুমে তাঁদের মজুরি থাকে ৩০০-৩৫০ টাকা। অনেকে আগাম শ্রম বিক্রি করতে না পেরে সময়ের সঙ্গে খাপখাইয়ে চলছেন। ওই সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা জানান, মাঠে কাজ না থাকায় আদিবাসীরা এখন অভাবের মধ্যে রয়েছেন। বছরের এ সময়ের জন্য ভাতাসহ সরকারি অনুদানের ব্যবস্থা করা হলে আদিবাসীদের কষ্ট কিছুটা লাঘব হতো। এ ছাড়া আদিবাসী নারী শ্রমিকেরা অভাবে পড়ে আগাম শ্রম বিক্রি করলেও লাভবান হচ্ছেন মহাজনেরা।
সদর উপজেলার নারগুন গ্রামের আবদুর রহমান বলেন, ‘ধান কাটা শুরু হলেই ৩০০-৩৫০ টাকার কমে শ্রমিক পাওয়া যায় না। এখন আদিবাসী নারী শ্রমিকেরা ১৫০ টাকায় আগাম শ্রম বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছেন। এতে আমাদের অনেক সাশ্রয় হচ্ছে।’