অভাবে জীবন কাটে মৃত্যুর অপেক্ষায়
হারানোর ব্যথা নিয়ে অভাব-অনটনে দিন যেন আর কাটছে না শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের বিধবাপল্লির অসহায় বিধবাদের। ১৯৭১ সালে রাজাকার ও হানাদার বাহিনীর হামলায় গ্রামের ৫৭ নারী বিধবা হন। এই নারীদের মধ্যে এখানো বেঁচে আছেন ৩১ জন। অর্ধাহার, অনাহার আর বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন বয়সের ভাড়ে নুয়ে পড়া এসব নারী।
বিধবাপল্লি কল্যাণ সমিতি সূত্রে জানা গেছে, একাত্তরের ২৫ জুলাই সোহাগপুরে স্থানীয় রাজাকার ও হানাদার বাহিনী মিলে ১৮৭ গ্রামবাসীকে হত্যা করে। ধর্ষণের শিকার হন ১৪ নারী। গ্রামের বেনুপাড়ার সব পুরুষকে হত্যা করা হয়। পরে এ পাড়ার নামই হয়ে যায় বিধবাপল্লি। এ পাড়ার ৫৭ বিধবার মধ্যে বর্তমানে ৩১ জন বেঁচে আছেন। এলাকার সাংসদ কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর প্রচেষ্টায় তাঁরা প্রত্যেকে ট্রাস্ট ব্যাংক থেকে এক হাজার, বেসরকারি সংগঠন ব্র্যাক থেকে ৪০০ ও সরকার থেকে বয়স্ক ভাতা ৩০০ টাকা করে পান। বাড়িঘর না থাকায় এর মধ্যে চারজন আবার অন্যের বাড়িতে থাকেন। ১ হাজার ৭০০ টাকায় কোনোমতে এ বিধবাদের চাল কেনা সম্ভব হলেও রোগের ওষুধ জোটে না।
সরেজমিনে দেখা গেছে, দিলমণি রাকশাম নামের এক বিধবা তিন মাস ধরে রোগে শয্যাশায়ী। ছয় মাস আগে আরেক বিধবা ফুলেমন বেওয়ার ঘরের চাল ঝড়ে উড়ে গেছে। অর্থভাবে এখনো সেই চাল দিতে পারেননি। এ অভাব আর দুর্দশা বিধবাপল্লির বেঁচে থাকা বিধবা ও বীরাঙ্গনাদের।
বীরাঙ্গনা জবেদা খাতুন (৭০) বলেন, ‘আমি অসুস্থ মানুষ। দুইডা মাইয়া অভাবের কারণে মাইনসের বাড়িত কাম করে। বয়স অইছে, শইলে আর জোর নাই। অন্যের বাড়িত থাহি। ভাতার টেহায় কোনো রহম খাওন চলে। টেহার অভাবে এ পর্যন্ত ভালা কোনো ডাক্তার দেহাইবার পাই নাই।’
১৯৭১ সালের ২৫ জুলাই স্বামী-সন্তান হারানো লাকজান বেগম (৭৫) বলেন, ‘আমরা আর বেশি দিন বাঁচতাম না বাবা। অভাবে চিকিৎসাও করাইবার পাই না।’
শহীদ পরিবার কল্যাণ সমিতির সভাপতি জালাল উদ্দিন বলেন, ‘বিধবাপল্লির বেঁচে থাকা বিধবারা সবাই বার্ধক্যজনিত রোগে ভুগছেন। যাঁরা অন্যের বাড়িতে কাজ করে চলতেন, বয়স হওয়ায় এখন তাও পারেন না। সরকারি সহায়তা পেলে এ অসহায় নারীদের শেষ বয়সে কিছু উপকার হতো।’
সংশ্লিষ্ট কাকারকান্দি ইউপি চেয়ারম্যান শহিদউল্লাহ তালুকদার বলেন, সরকারি-বেসরকারিভাবে এসব বিধবাকে আরও কিছু সহায়তা দেওয়া হলে তাঁরা দুই বেলা খেয়ে মৃত্যুর আগে একটু স্বস্তিতে থাকতে পারতেন।