অভাবে জেলেরাই চুরি করছেন জাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরা মৌসুমে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ নেই। জেলে-পরিবারে চলছে হাহাকার। আধপেটা খেয়ে অথবা কখনো না খেয়ে দিন কাটালেও সপ্তাহ শেষে গুনতে হচ্ছে ঋণের কিস্তি। আর ঋণের এ কিস্তি পরিশোধের জন্যই রাতের আঁধারে জেলেরা অন্যের জাল চুরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।দৌলতখানের জেলে মো. ইয়াসিন মাঝি (৩৬) জানান, তিনি একজন মহাজনের কাছ থেকে ৪০ হাজার টাকা দাদন ও চারটি এনজিওর কাছ থেকে আরও ৬০ হাজার টাকা ঋণ নিয়েছেন। প্রতি সপ্তাহে তাঁকে এক হাজার ৪২০ টাকা কিস্তি গুনতে হচ্ছে। নদীতে মাছ না থাকায় কিস্তির টাকা শোধ করতে তিনি প্রতিবেশীর কাছ থেকে ধানের ওপর সুদ দিয়ে ১২ হাজার টাকা ঋণ নিয়েছেন। তিন মাসের মাথায় মূল টাকার সঙ্গে ১২ মণ ধান সুদ দিতে হবে।ইয়াছিন মাঝি বলেন, ‘এত বড় ঋণের বোঝা মাথায় নিয়া নদীত নাইম্যাও শান্তি নাই। জাইল্যারা এহোন মাছ না পাইয়্যা রাইতের আন্ধারে অইন্য জাইল্যার জাল কাইড্যা লইয়্যা যায়। এই পইয্যন্ত তিনবারে আমার ৬০ হাজার টাকার জাল কাইড্যা লইয়্যা গেছে।’মাঝির হাট মাছঘাটের নুর ইসলাম মাঝি বলেন, ‘নদীত মাছ পড়ে না জাইন্যাও মাছের আশায় নদীত যাইতো অয়। কিন্তুক জাইল্যারাই জাইল্যাগো জাল কাডি লই যায়। গত মাসে একবার জাল কাডি লই গেলে চিটাগাং পলান দিছি। বস্তা টানি কিস্তির টিয়া জোগার করি হির (পুনরায়) ঋণ লই জাল কিনছি।’প্রায় একই ধরনের কথা বলেন তজুমদ্দিনের মারুফ মাঝি, সদর উপজেলার নাছির মাঝি (৫৬), জাহাঙ্গীর মাঝি, মো. ইয়াছিন, ইসমাইল মাঝি, আবদুল্লাহ মাঝিসহ অনেকে।সদর উপজেলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকার সইজল জমাদ্দার (৩৪) গত মঙ্গলবার ভোর থেকে বেলা একটা পর্যন্ত তেঁতুলিয়া নদীতে জাল পেতে মাত্র আটটি ছোট-বড় বাটা মাছ পেয়েছেন। ওজন সর্বোচ্চ ৩০০ গ্রাম। দাম চেয়েছেন ১১০ টাকা। কিন্তু কেউ ৫০ টাকার বেশি বলছে না। সইজল বলেন, ‘এই মাছের দাম ৩০ টাহাও না, কিন্তুক প্যাডের টানে বেশি চাইতে আছি, নদীত মাছ নাই।’গত বুধবার সকালের খেওয়ে মেঘনায় চার দিন পর ৬০০ গ্রাম ওজনের একটি ইলিশ পেয়েছেন দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের জেলে নুরনবী (৩৬)। সেটি বিক্রি করেছেন ৯০০ টাকায়। তাঁর নৌকায় ভাগী পাঁচজন। একই উপজেলার মাঝির হাট মাছঘাটে ফারুক মাঝি (৪৬) জানান, তিনি নয় দিন কোনো মাছ না পেয়ে নদীতে যাওয়া ছেড়েই দিয়েছেন।জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘রোজা ও ঈদ উপলক্ষে প্রতিটি ইউনিয়নে বিশেষ ভিজিএফের চাল দেওয়া হবে, আমরা গরিব জেলেদের বেশি করে অন্তর্ভুক্ত করতে চেষ্টা করব। তবে তাঁদের জন্য কোনো ত্রাণের ব্যবস্থা নেই।’