অভাবে পড়ে গরু-ছাগল ও গাছ বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরবাড়ি ও খেতে পানি, নদীতে নেই মাছ। ঘাস পচে দেখা দিয়েছে গবাদিপশুর খাদ্যসংকট। মানুষের হাতে কাজ নেই। বেকার পানিবন্দী লোকজন অভাবে পড়ে কম দামে গাছপালা ও গবাদিপশু-পাখি বিক্রি করে দিচ্ছেন। গত কয়েক দিন সরেজমিনে এমন দৃশ্য চোখে পড়েছে।ভোলা প্রাণীসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার কর্মকার প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড় মহাসেনে জেলার দুই হাজার ১৭৫ হেক্টর চারণভূমি প্লাবিত হয়। এ সময় পাঁচ হাজার ৬৪২ মেট্রিক টন গোখাদ্য নষ্ট হয়েছে। সাধারণত সাত দিন পানিতে ডুবে থাকলে কাঁচা ঘাস পচে যায়। গত মে মাসে মহাসেনের পর জোয়ার ও বৃষ্টির পানিতে বিপুল পরিমাণ এলাকা প্লাবিত হয়েছে; যা গোখাদ্যের জন্য আশঙ্কাজনক।ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ভাষ্য, টানা ৭২ দিনে প্লাবিত এলাকায় মানুষ ও গবাদিপশু-পাখির খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। গত ২০ জুলাই থেকে ভোলা-চরফ্যাশন সড়কসহ বিভিন্ন সড়কের পাশে নিত্যনতুন গোয়ালঘর দেখা যায়। পানির কারণে গৃহস্থরা তাঁদের গরু-ছাগল সড়কে উঠিয়েছেন। গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিকেলে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া, কুতুবা, বড় মানিকা; সদর উপজেলার কাচিয়া-ধনিয়া ও পশ্চিম ইলিশা ইউনিয়নের বিভিন্ন সড়কে, বাজারে গরু-বাছুর-ছাগল, হাঁস-মুরগি বিক্রেতাদের লাইন দেখা যায়।মঙ্গলবার বোরহানগঞ্জ-নুর মিয়ার হাট সড়ক দিয়ে গরু-বাছুর নিয়ে হেঁটে আসছিলেন মো. রফিক। তিনি বলেন, ‘মেলা শখ কইর‌্যা গেছে আশ্বিনে ৩০ হাজার টিয়া (টাকা) দিয়া কিনছিলাম এই গরু। বাছুর অইলো। চাইর কেজি দুধ অয়, মাইনষে দুই মাস আগেও ৪০ হাজার টিয়া মুলাইছিল। কিন্তু যায় এক মাস এক দিনও গরুডারে প্যাট বইর‌্যা খাইতাম দিতাম পারি না। খাওন পামু কই? নিজেগোই খাওন জোডে না। হ্যার লাইগ্যা গরু-ছাগল সব বেইচ্যালাই। বেপারি বাড়িত আইয়্যা ৪০ হাজার টিয়ার গরু ২৫ হাজার টিয়া কইছিল। এট্টু বেশি দাম পাওনের আসায় বোরহানগঞ্জ বাজার লইয়্যা যাই।’পক্ষিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবদুল লতিফ, নুর মিয়া; ভোলা সদরের কাচিয়া ভবানীপুরের শাজাহান ও আবুল মাঝি জানান, জোয়ারের পানিতে খেত ডুবে ঘাস পচে গেছে। উঠানের খর ডুবে নষ্ট হয়ে গেছে। এ জন্য গবাদিপশু-পাখির খাবার নেই। কৃষকেরা বেকার সময় কাটাচ্ছেন। জেলেরা নদীতে মাছ না পাওয়ায় অভাবে দিন কাটাচ্ছেন।বোরহানউদ্দিনের বাটামারা গ্রামের অজিউল্যাহ, মফিজুল ইসলাম বলেন, ব্যাপারীরা ক্ষতিগ্রস্তদের অভাবের সুযোগে অর্ধেক দামে গাছ কিনছেন। তাও ব্যাপারী পাওয়া যাচ্ছে না। কারণ, রাস্তাঘাট ভালো না। ৪০-৪৫ হাজার টাকার গাছ বাধ্য হয়ে ২০-২২ হাজার টাকায় বিক্রি করছেন তাঁরা।ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তিরঞ্জন মণ্ডল বলেন, গত ২০ মে ভাঙা বন্যানিয়ন্ত্রণ বাঁধ দিয়ে ভোলার সাতটি উপজেলায় পানি ঢুকে পড়ে। এতে জেলার ৩৮টি ইউনিয়ন প্লাবিত হয়। অস্বাভাবিক জোয়ার ও অতিবৃষ্টির পানিতে ১৩ হাজার ১৭৫ হেক্টর ফসলি জমি প্লাবিত হয়ে আছে। ফলে গবাদিপশু-পাখির খাদ্যসংকটে পড়া স্বাভাবিক।