অভাবের কারণে ইলিশ ধরছেন জেলেরা
ভোলায় নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ শিকার। জেলেরা বলছেন, অভাবের কারণে তাঁরা এ সময় মাছ শিকারে বাধ্য হচ্ছেন। মৎস্য কার্যালয় বলছে, পর্যাপ্ত অর্থ ও নৌযানের অভাবে তারা অভিযান জোরদার করতে পারছে না।
এ ছাড়া অভিযানে নেমে জেলেদের হামলার মুখে পড়তে হচ্ছে কর্মকর্তাদের। গতকাল মঙ্গলবার বিক্ষুব্ধ জেলেরা লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ফাতেমাবাদ এলাকায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাসের ওপর হামলা করেন। এ ঘটনায় থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর চরফ্যাশনের পাঁচকপাট এলাকায় মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানের ওপর হামলা হয়।
ভোলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, ইলিশ প্রজনন মৌসুম শুরু হয়েছে ২৫ সেপ্টেম্বর। শেষ হবে ৯ অক্টোবর। এই ১৫ দিন নদী ও সাগরে মাছ ধরা, ক্রয়-বিক্রয়, বহন ও মজুত নিষিদ্ধ।
২৫ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন সময় ভোলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর থেকে চরফ্যাশন উপজেলার ঢালচর-কুকরি পর্যন্ত দেখা যায়, জেলেরা গোপনে মেঘনা, ইলিশা, তেঁতুলিয়া নদী ও সাগরমোহনায় মা-ইলিশ ধরছেন। এর জন্য কলাগাছের ভেলা, শিশুদের ব্যবহারসহ নানা রকম কৌশল অবলম্বন করছেন তাঁরা। আর শিকার করা মাছ সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে রাতের আঁধারে কিনছেন।
অভাব ও ঋণের কিস্তি শোধের জন্য মাছ ধরতে বাধ্য হচ্ছেন বলে জানান বেশ কয়েকজন জেলে। রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের জেলে নুরুল ইসলামের পরিবারের সদস্যসংখ্যা ১১ জন। সংসার চালাতে ও বেসরকারি সংস্থার (এনজিও) ঋণ পরিশোধ করতে গত ১২ দিনে তাঁকে সুদে পাঁচ হাজার টাকা ঋণ করতে হয়েছে। নুরুল ইসলাম বলেন, ‘এই বছর বাড়িঘরসহ চার একর জমি মেঘনায় লই (বিলীন) গেছে। সমিতির কিস্তি (এনজিও) হোদোনের লাইগ্যা আবার সুদের উপর দ্যানা করছি। ক্যামনে হুদুম কইতাম পারি না।’
জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক বলেন, এ বছর সরকার মা-ইলিশ সংরক্ষণের জেলা ও সাতটি উপজেলায় মোট ১০ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ করেছে। সেই টাকা এখনো কর্মকর্তারা হাতে পাননি। এই টাকা পর্যাপ্ত নয় বলে জানান তিনি।
বোরহানউদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং দৌলতখান, চরফ্যাশন, লালমোহনসহ কয়েকটি উপজেলার মৎস্য কর্মকর্তারা বলেন, প্রতিটি উপজেলায় প্রতিদিন অভিযানে ৫০ থেকে ৭০ হাজার টাকা দরকার। সরকার যা দিচ্ছে তা এক দিনের খরচ। এ ছাড়া মেঘনা-তেঁতুলিয়া, ইলিশা নদী ও সাগরমোহনায় দিন-রাত অভিযান চালাতে কমপক্ষে ১০টি দ্রুতগামী ট্রলার দরকার। এসব না থাকায় অভিযান সফল করা যাচ্ছে না।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি ভোলা জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম অভিযোগ করেন, ম্যাজিস্ট্রেট ছাড়া পুলিশ অভিযানে বের হচ্ছে। জেলেদের কারেন্ট জাল জব্দ করে সেগুলো টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে। ওই জাল নিয়ে জেলেরা আবার মা-ইলিশ ধরছেন। তাঁদের সহায়তা করছেন স্থানীয় মৎস্য আড়তদার। সেই সঙ্গে ইলিশ মজুতের সঙ্গে ইউপি চেয়ারম্যান-মেম্বার, রাজনৈতিক নেতা ও জেলেনেতারা জড়িত। ফলে সরকারের অভিযান সফল হতে পারছে না।
ম্যাজিস্ট্রেটের সঙ্গে পুলিশ অভিযানে যায় বলে দাবি করেছেন পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। এদিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম ও মো. ইউনুস মা-ইলিশ সংরক্ষণ অভিযানে প্রভাব বিস্তারের অভিযোগ অস্বীকার করেছেন।