অভাবের ঘরে আশার প্রদীপ
সুদের টাকা পরিশোধ করতে না পেরে নেত্রকোনার পূর্বধলা উপজেলার দিনমজুর মোফাজ্জল হোসেন স্ত্রীকে নিয়ে গ্রাম ছেড়ে ঢাকায় পাড়ি জমান। দুই মেয়ে সোনিয়া আক্তার ও ঝিনিয়া আক্তার বিবাহিত বড় মেয়ের কাছে থেকে অভাব অনটনের মধ্যেই পড়ালেখা চালিয়ে যেতে থাকে। গিরিয়াসা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করেছে সোনিয়া-ঝিনিয়া।তবে আনন্দ নেই তাদের মনে। কারণ, পড়ালেখা চালিয়ে যেতে পারবে কি না, এখনো জানে না তারা। উপজেলার ঘাগড়া ইউনিয়নের গিরিয়াসা গ্রামের বাসিন্দা মোফাজ্জল হোসেন। তিনি জানান, স্ত্রী, সাত মেয়ে ও এক ছেলে নিয়ে বিরাট সংসার। অথচ বসতভিটার চার শতক জমি ছাড়া আর কোনো সম্বল নেই। দিনমজুরি করে সংসার চালাতে গিয়ে প্রায়ই অর্ধাহার-অনাহারে থাকতে হয় তাঁদের। দুই বছর আগে বাধ্য হয়ে সন্তানদের রেখে স্ত্রীকে নিয়ে কাজের খোঁজে ঢাকায় যান। সোনিয়া ও ঝিনিয়ার পড়ালেখার কোনো খোঁজই রাখা সম্ভব হয়নি তাঁর। গত বুধবার বাড়িতে গেলে সোনিয়া ও ঝিনিয়া জানায়, তারা পড়ালেখা চালিয়ে যেতে চায়। মোফাজ্জল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মেয়ে দুটিকে ঠিকমতো খাওয়াতেও পারিনি। এর পরও তারা এত ভালো ফল করেছে। সামনে ওদের পড়ালেখা কীভাবে চলবে, এখন কেবল সেই চিন্তা।’ গিরিয়াসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবুল আলম বলেন, ওরা লেখাপড়া চালিয়ে যেতে পারলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকেও ভালো করবে।