অভাবের মধ্যেও নজরকাড়া সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়েশার ঘরে খাবার ছিল না। ছিল না বই কেনার টাকা। কিন্তু ভালো ফল করার ব্যাপারে সে ছিল দৃঢ় প্রত্যয়ী। শিক্ষকদের সহায়তায় এবং নিজের চেষ্টায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সে। তার মতো পুষ্প, আতিকুল ও নুরনবী প্রতিনিয়ত অভাবের সঙ্গে লড়াই করে এসএসসি ও দাখিল পরীক্ষায় ভালো ফল করেছে।ধারের টাকায় ফরম ফিলাপ: না খেয়েই বিদ্যালয়ে যেতে হয়েছে অনেক দিন। সংসারে তীব্র অভাব থাকায় বই ধার করে পড়তে হয়েছে। প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষকদের নজর কাড়ে সে। তাঁদের উৎসাহ ও সহায়তায় এবং নিজের চেষ্টায় এএসসি পরীক্ষায় চমকপ্রদ ফল করেছে আয়েশা সিদ্দিকা। সে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মডেল উচ্চবিদ্যালয়ের ছাত্রী ছিল সে। আয়েশাদের বাড়ি একই উপজেলায়। তার বাবা আতাউর রহমান অটোরিকশার চালক। আয়েশার মা রেণু বেড়ম বলেন, ‘ধার করা টাকা দিয়ে মেয়ের ফরম ফিলাপ করেছি।’ আয়েশা বলে, সে ভবিষ্যতে চিকিৎসক হতে চায়।মা-বাবার মুখ উজ্জ্বল করেছে পুষ্প: এবারের এসএসসি পরীক্ষায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর শালন্দার উচ্চবিদ্যালয়ের মেধাবী ছাত্রী পুষ্প রানী রায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করেছে। সে উপজেলার বড় হরিপুর পোদ্দারপাড়া গ্রামের দরিদ্র চান বাবু রায়ের মেয়ে। চান বাবুর নিজের জমি নেই। অন্যের জমিতে কুড়েঘর তুলেছেন তিনি। সেই ঘরেই পুষ্প মা-বাবা ও ভাইবোনদের সঙ্গে গাদাগাদি করে থাকে। পড়ার খরচ দেওয়ার সামর্থ্য নেই তার বাবার। প্রতিবেশী ও শিক্ষকদের সহায়তায় এবং নিজের আগ্রহে লেখাপড়া চালিয়ে গেছে পুষ্প। এসএসসি পরীক্ষায় পেয়েছে ঈর্ষণীয় সাফল্য।চিকিৎসক হতে চায় আতিকুল: ‘জিপিএ-৫ কী, ওটা বুঝি না; শুনছি, ওটা নাকি ভালো। ছেলের ইচ্ছা ডাক্তার হবে, কিন্তু হামার নুন আইনতে পান্তা ফুরায়। ছেলেক লেখাপড়া করামো কেমন করি।’ নীলফামারীর ডিমলা উপজেলার গৃহবধূ সুরতন বেগমের। ছেলে আতিকুল ইসলাম ছোটখাতা ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়ার পর তার ভবিষ্যৎ নিয়ে এভাবে আক্ষেপ করেন তিনি। আতিকুলের বাবা আজিজুল ইসলাম দিনমজুরি করেন। পড়ালেখা করার খরচ জোগাড় করার জন্য আতিকুল নিজেও বন্ধের দিন দিনমজুরি করত। এভাবে অভাবের সঙ্গে যুদ্ধ করে সে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পেয়েছে। আতিকুল বলে, সে চিকিৎসক হয়ে দরিদ্র মানুষের সেবা করতে চায়।নিজের রোজগারে লেখাপড়া: ‘দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই পরের দোকানে কর্মচারীর কাজ করতাম। মাঝেমধ্যে স্কুলে যেতাম। নবম শ্রেণীতে ওঠার পর মিষ্টি বিক্রির দোকানে কাজে যোগ দিলাম। সপ্তাহে দুদিন হাটে জিলাপি বিক্রি করতাম। বাবা নৈশপ্রহরী। যে টাকা দিতেন, তা দিয়ে সংসার চলত না। আমি টাকা রোজগার করে তাঁকে সংসার চালাতে সহায়তা করেছি। পাশাপাশি লেখাপড়া চালিয়ে গেছি। বিদ্যালয়ের শিক্ষকেরা সহায়তা করেছেন।’ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়ার পর এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করে মো. নুরনবী। সে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মালতিডাঙ্গা পশ্চিমপাড়া উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল। একই উপজেলার ইয়াহিয়া আলীর ছেলে সে।[প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আরিফুল হক, রংপুর, আতাউর রহমান, পার্বতীপুর (দিনাজপুর), মীর মাহমুদুল হাসান, নীলফামারী, এনামুল হক , সিরাজগঞ্জ]