৬২ জনের মধ্যে বেঁচে আছেন ৩০ জন। শেষ বয়সে এসে রোগে ভুগছেন। সংসারে অভাব-অনটন থাকায় অনেকে চিকিৎসাও করাতে পারেন না। সম্প্রতি তাঁদের মধ্যে চারজন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন। আরও আটজন স্বীকৃতি পাওয়ার আশায় এখনো বুক বেঁধে আছেন।
স্বাধীনতার ৪৫ বছর পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুরের বিধবারা এভাবে দিন কাটাচ্ছেন। ১৯৭১ সালের ২৫ জুলাই কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ১৮৭ জনকে হত্যা করে। এ সময় ৬২ জন নারী বিধবা হন। তাঁদের মধ্যে ১৩ জন নির্যাতনের শিকার হন। এখন বেঁচে আছেন ৩০ জন। সোহাগপুর গ্রামের বেণুপাড়ার সব পুরুষকে হত্যা করায় পাড়াটি বিধবাপল্লি বলে পরিচিতি পায়।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে তৃতীয় অভিযোগ ছিল, কামারুজ্জামানের পরামর্শে পরিকল্পিতভাবে আলবদর ও রাজাকার বাহিনী পাকিস্তানি সেনাদের নিয়ে সোহাগপুর গ্রামে নির্বিচারে হত্যাকাণ্ড চালায় ও নারীদের ধর্ষণ করে। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত।
এ পল্লির বিধবারা সবাই কমবেশি রোগে ভুগছেন। কিন্তু অর্থের অভাবে তাঁরা চিকিৎসা করাতে পারছেন না। কথা বলে জানা যায়, প্রতি মাসে একটি বেসরকারি ব্যাংক ও একটি বেসরকারি উন্নয়ন সংস্থা তাঁদের ২ হাজার ৪০০ টাকা করে দেয়। আর সরকারের তরফ থেকে পান ৪০০ টাকা করে বিধবা ভাতা। এতে দুবেলা খাবারের ব্যবস্থা হলেও চিকিৎসার খরচ জোগানো কঠিন।
মৃত বিধবা জরিতনের ছেলে আজগর আলী বলেন, ‘টাকার অভাবে ঠিকমতো মায়ের চিকিৎসা করাইবার পাইছি না। আমার মা নির্যাতনের শিকার অইছিল। মারে যদি মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া অইতো, তাইলে হয়তো আরও ভালা কোনো ডাক্তার দেহাইবার পাইতাম।’
নির্যাতনের শিকার ১৩ জন বিধবার মধ্যে সরকার সম্প্রতি চারজনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে। তাঁরা প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা পান। বাকি নয়জনের মধ্যে জরিতন ১৭ জুন মারা যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়া দুজনসহ বাকি আটজন মুক্তিযোদ্ধার স্বীকৃতির আশায় এখন প্রহর গুনছেন।
নির্যাতনের শিকার বিধবা সমলা বেগম (৭৫) বলেন, ‘গণহত্যায় স্বামী, সন্তানসহ পরিবারের পাঁচজনরে হারাইছি। বুকের মধ্যে সব সুমু আগুন চাপা দিয়া কষ্ট করছি। এই সরকার স্বামী, সন্তান হত্যার বিচার করছে। এহন যদি নির্যাতন অওয়া বিধবাগরে মুক্তিযোদ্ধার মান দিত, তাইলে আমরা মরুনের আগে একটু শান্তি পাইতাম।’
মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাওয়া আছিরন ও হাসেন বানু বলেন, তাঁদের পল্লিতে আরও অনেক বিধবা নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদেরও স্বীকৃতি দেওয়া উচিত।
কাকরকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার বলেন, বিধবাপল্লিতে ৩০ জন বার্ধক্যজনিত রোগে ভুগছেন। অর্থাভাবে তাঁদের ঠিকমতো চিকিৎসা হয় না। নির্যাতিত ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি বিধবাদের চিকিৎসার ব্যবস্থা হলে শেষ জীবনে তাঁরা একটু শান্তি পাবেন।
মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার যাচাই-বাছাই কমিটির আহ্বায়ক উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাজেদা আরফিন বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল থেকে বিধবাপল্লির পাঁচজন সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। একই নাম দুজনের হওয়ায় তাঁরা ছয়জনের তালিকা পাঠিয়েছিলেন। তাঁদের মধ্যে চারজনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিধবাপল্লিতে যাচাই-বাছাইয়ের সময় কয়েকজন বিধবা নারী বলেন, তাঁরাও নির্যাতনের শিকার। কিন্তু তালিকায় নাম না থাকায় কমিটির কিছু করার ছিল না।
সোহাগপুর গণহত্যা দিবস উপলক্ষে আজ পল্লিতে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোহাগপুর শহীদ পরিবার কল্যাণ সমিতি এর আয়োজন করেছে।