অভিজাত এলাকার দুস্থ সড়ক!

প্রায় আধা কিলোমিটার সড়কের অর্ধেকটাই ভাঙাচোরা। নিকট অতীতে মেরামত হয়নি। আবার বৃষ্টি হলেই জলাবদ্ধতা। কারণ, পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় হেঁটে চলতে গেলেও বিপদ। আবার যান্ত্রিক-অযান্ত্রিক যানবাহন চলাচলে নিয়মিত ঘটে দুর্ঘটনা।
বনানী ‘এইচ’ ব্লকের ৭ নম্বর সড়কের এ চিত্র অনেক দিনের। রাস্তা এবং জলাবদ্ধতার এ অবস্থা নিয়ে ঢাকা ওয়াসা আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে চলছে বিরোধ। খোদ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের মধ্যেও পরস্পরের প্রতি দায় চাপানোর মনোভাব আছে।
গতকাল বুধবার সকালে বৃষ্টি হয়েছিল। বিকেল চারটার সময় এলাকায় গিয়ে দেখা যায়, তখনো রাস্তার এখানে-সেখানে জমে আছে ময়লা পানি। সড়কের এক প্রান্তে পানি এমনভাবে জমে আছে যে, দূর থেকে মনে হবে, যেন ছোটখাটো একটি পুকুর।
৭৫ নম্বর বাড়ির নিরাপত্তারক্ষী মো. নাসির এক বছর এখানে রাস্তা মেরামতে সিটি করপোরেশনের কোনো তৎপরতা দেখেননি। তিনি বলেন, সকালে বৃষ্টির পর পুরো রাস্তা প্রায় হাঁটুপানিতে ডুবে গিয়েছিল। তাঁর কথার সূত্র ধরে দেখা যায়, রাস্তার পাশের দেয়ালে সে রকমই চিহ্ন ফুটে আছে।
জাতিসংঘের সাবেক কর্মকর্তা ওই সড়কের ৭২ নম্বর বাড়ির বাসিন্দা নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, মাঝে মাঝে নিজেদের উদ্যোগে ম্যানহোলের ঢাকনা খুলে জলাবদ্ধ পানিপ্রবাহের ব্যবস্থা করেন তাঁরা। এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে নর্দমার ময়লা ওঠানো এবং রাস্তায় খোয়াও ফেলা হয়। কিন্তু দুদিন পরই আবার সমস্যা দেখা দেয়। সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসা বা অন্য কোনো সংস্থাই রাস্তাটির অভিভাবকের কাজ করে না।
যানবাহনের চাপ: রাস্তাটির দুর্দশার আরও কারণ আছে। ৭ নম্বর সড়কটির ওপর যানবাহনের চাপ আগে থেকেই ছিল। তবে তা আরও বেড়ে যায় বনানী সেতু নির্মাণের পর। এখন অল্পতেই পার্শ্ববর্তী ১১ নম্বর সড়কে অসহনীয় যানজট সৃষ্টি হয়। ওই যানজট এড়ানোর জন্য ৭ নম্বর সড়কটি ব্যবহার করেন যানবাহন চালকেরা। ব্যবহার করেন ৭-এ, ৭-বি, ৮-সহ আশপাশের সড়কে যাতায়াতকারী যানবাহনগুলোও।
জলাবদ্ধতার নানা কারণ: বনানীর বিভিন্ন সড়কের মতো ৭ নম্বর সড়কটিতেও ঢাকা ওয়াসার ভূগর্ভস্থ কোনো নিষ্কাশন লাইন নেই। সরু পয়োনিষ্কাশন লাইন থাকলেও সেটি পরিষ্কার থাকে না। বনানীর বিভিন্ন সড়কে নিষ্কাশন লাইন না থাকার কারণ হচ্ছে, ময়লা পানি যাওয়ার জায়গা নেই। আগে লেকে যেত, এখন তা-ও বন্ধ।
ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম প্রথম আলোকে বলেন, ময়লা পানি বেরিয়ে কোথায় যাবে, তা নিয়ে তাঁরা চিন্তিত। এলাকায় নিষ্কাশন লাইন করার কোনো পরিকল্পনাও হাতে নেই। বনানী ৭ নম্বর সড়কে সিটি করপোরেশনের ভূ-উপরিস্থ নর্দমা আছে, সেটা নিয়মিত পরিষ্কার করা হলে সমস্যা কম হতো।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩ নম্বর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমানকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, জলাবদ্ধতা দূর করার দায়িত্ব ওয়াসার। তাদের নিষ্কাশন লাইন নেই। সিটি করপোরেশনের যে ভূ-উপরিস্থ নর্দমা আছে সেটি পরিষ্কার করা হয় না কেন—এমন প্রশ্নে তিনি বলেন, এটা করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কাজ।
এ ব্যাপারে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিপন কুমার সাহা বলেন, ‘আমরা মাঝেই মাঝেই পরিষ্কার করি। সার্বক্ষণিক পরিচ্ছন্নতাকর্মী দাঁড় করিয়ে রাখা তো সম্ভব না।’