অভিজিৎ, ওয়াশিকুর ও অনন্ত হত্যার তদন্তে অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ ফেব্রুয়ারি, ৩০ মার্চ ও ১২ মে। চলতি বছরের এ তিন দিনে তিনজন ব্লগারকে হত্যা করা হয়। তাঁরা হলেন অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান ও অনন্ত বিজয় দাশ। কিন্তু এ তিনটি হত্যাকাণ্ডের সুরাহা এখনো করতে পারেনি পুলিশ।
মামলাগুলোর তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় তাঁদের পরিবারগুলো হতাশ।
এই অবস্থায় গতকাল শুক্রবার রাজধানীর গোড়ানে নিজ বাসায় খুন হয়েছেন নীলাদ্রি চট্টোপাধ্যায় নামের আরেকজন ব্লগার। প্রায় সাড়ে পাঁচ মাসে খুন হলেন চারজন ব্লগার।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, ‘ব্লগার হত্যাকাণ্ডের তদন্তের কিনারা হচ্ছে না। আমরা ওয়াশিকুর হত্যাকাণ্ডে কয়েকজনকে ধরেছি। অন্য ঘটনায় জড়িতদের ধরতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী আহমেদ রাজীব হায়দার হত্যার মধ্য দিয়ে শুরু হয় ব্লগার হত্যাকাণ্ড। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে নিজ বাড়ির সামনে তাঁকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যা মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের মধ্যে জসীম উদ্দিনসহ সাতজন কারাগারে রয়েছেন।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তমনা ব্লগের লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলায় আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এ ঘটনায় অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় মামলা করেন। হত্যায় জড়িত অভিযোগে ২ মার্চ যাত্রাবাড়ী থেকে শফিউর রহমান ওরফে ফারাবী নামের একজনকে গ্রেপ্তার করে ডিবিতে হস্তান্তর করে র্যাব। ফারাবীকে দুই দফা রিমান্ডে নেওয়া হয়। কিন্তু এরপর থেকে এ মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি নেই।
অধ্যাপক অজয় রায় গতকাল প্রথম আলোকে বলেন, ‘অভিজিৎ হত্যার ঘটনার কোনো অগ্রগতি আমার জানা নেই। চিন্তা করছি, কয়েক দিন পর আমি ডিবি অফিসে যাব। মনে হয় না, ওদের কাছে অগ্রগতির কোনো তথ্য আছে।’
এ মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ বলেন, ‘আমরা এখনো নতুন করে কাউকে গ্রেপ্তার করতে পারিনি। এফবিআইও ঘটনার তদন্ত করেছে। তাদের প্রতিবেদনও হাতে আসেনি। তবে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই মামলার তদন্ত চলছে।’
৩০ মার্চ সকালে তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ীতে প্রকাশ্যে ব্লগার ওয়াশিকুর রহমানকে হত্যা করা হয়। ঘটনার পর পালানোর সময় কয়েকজন হিজড়া, স্থানীয় লোকজন ও পুলিশ মিলে জিকরুল্লাহ ও আরিফুল ইসলাম নামের দুজনকে ধরে ফেলেন। তাঁদের দুই দফায় রিমান্ডে নেওয়া হয়। ডিবি বলেছে, তাঁরা পাঁচজন এর আগে ২৪ মার্চ ওয়াশিকুরকে হত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু যাত্রাবাড়ীতে পুলিশ তাঁদের মধ্যে একজন সাইফুলকে ধরে ফেললে সেদিন তাঁদের চেষ্টা ব্যর্থ হয়।
ওয়াশিকুর হত্যার ঘটনায় তাঁর ভগ্নিপতি মনির হোসেন বাদী হয়ে জিকরুল্লাহ, আরিফুলসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেন। আগে গ্রেপ্তার হওয়া সাইফুল এই হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। গ্রেপ্তার তিনজনই কারাগারে। কিন্তু তদন্ত আর এগোচ্ছে না।
মামলা তদারককারী কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত মূল হোতাদের এখনো শনাক্ত করা যায়নি। কারণ, মূল হোতা হিসেবে যে নামগুলো পাওয়া গেছে তা আসল নয়। মূলত এসব ঘটনায় জড়িত ব্যক্তিরা ছদ্মনাম ব্যবহার করায় তাঁদের শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে এগোনো যাচ্ছে না।
১২ মে সকালে সিলেট নগরের সুবিদ বাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তা মোড়ে খুন হন বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ (৩২)। ওই দিন রাতে বিমানবন্দর থানায় অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন। প্রায় তিন সপ্তাহ পর মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। সিআইডি তদন্তে নেমে ইদ্রিস আলী নামের এক স্থানীয় ফটোসাংবাদিককে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়। এরপর এ মামলার তেমন কোনো অগ্রগতি নেই।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা সিআইডির বিশেষ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী বলেন, ‘হত্যাকাণ্ডে সম্পৃক্তদের পরিচয় উদ্ঘাটনে তেমন অগ্রগতি নেই। আমরা কাজ করছি। কিছু ক্লু পেয়েছি, সে অনুযায়ী অনুসন্ধান চলছে।’
খুনি শনাক্ত না হওয়ায় হতাশা প্রকাশ করে রত্নেশ্বর দাশ প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, পুলিশ যেন মূল খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করে।’
এ মামলায় গ্রেপ্তার ইদ্রিস আলীর বাবা ইলিয়াস আলীর দাবি, তাঁর ছেলে নির্দোষ। ভুয়া অভিযোগে তাঁকে সন্দেহবশত গ্রেপ্তার করা হয়েছে।