অভিজিৎ, জুলহাস ও তনয় হত্যা মামলায় ১৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় এবং ইউএস এইডের কর্মকর্তা জুলহাস মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয় হত্যাসংক্রান্ত দুটি মামলায় ১৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার এ দুটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। দুটি মামলাই তদন্ত করছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। দুটি মামলায় ডিবি পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল না করায় যথাক্রমে মহানগর হাকিম গোলাম নবী ও মাহমুদা আকতার নতুন তারিখ ধার্য করেন।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় গুরুতর আহত হন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ। পরে শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় এ মামলা করেন।

আর ২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএস এইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তাঁর বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান বাদী হয়ে কলাবাগান থানায় এ মামলা করেন।