অভিজিৎ রায় হত্যার বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার প্রতিবাদে এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শিগগিরই গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিৎকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ গুরুতর জখম হন।
প্রথম আলো প্রতিনিধিদের পাঠানো খবর:
ভোলা: সদর সড়কে কে জাহান শপিং কমপ্লেক্সের সামনে ভোলা নাগরিক সমাজ ও হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের আয়োজনে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্ল্যাহ চৌধুরী, ভোলা ভকেশনাল ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ অরুণ দে, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দ আহমেদ প্রমুখ।
মানিকগঞ্জ: গতকাল দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে শহীদ রফিক সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে গণজাগরণ মঞ্চ জেলা শাখা। এতে মঞ্চের জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি আজাহারুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি দীপক ঘোষ, প্রথম আলো বন্ধুসভার জেলা সভাপতি মাহাবুব আলম প্রমুখ।
সৈয়দপুর (নীলফামারী): সৈয়দপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও উদীচী শিল্পীগোষ্ঠীর যৌথভাবে আয়োজিত এ কর্মসূচি দুপুর ১২টা থেকে প্রায় এক ঘণ্টা পালন করা হয়। এ সময় বক্তব্য দেন নূরুজ্জামান জোয়ার্দার, দেলোয়ার হোসেন, হোসনে আরা প্রমুখ।
যশোর: শহরের নেতাজী সুভাষ চন্দ্র বসু (গাড়িখানা) সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে গতকাল বিকেল সাড়ে চারটা থেকে আধা ঘণ্টার এ কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সভাপতি ডি এম শাহিদুজ্জামান প্রমুখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। এতে এ হত্যাকাণ্ডের বিচার দাবি করে দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন, সৈয়দ নিজার আলম প্রমুখ বক্তব্য দেন।