অভিজিৎ স্মরণে নির্মিত হচ্ছে 'মুক্তচিন্তা স্তম্ভ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায়ের স্মৃতিকে ধরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের পাশে নির্মিত হচ্ছে ‘মুক্তচিন্তা স্তম্ভ’।

আজ বৃহস্পতিবার দুপুরে এই স্মারক ভাস্কর্যের নির্মাণকাজের উদ্বোধন করা হয়। এখানেই গত বছর ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমির বইমেলা থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন অভিজিৎ রায় ও তাঁর স্ত্রী রাফিদা আহমেদ। এতে অভিজিৎ মারা যান।

ভাস্কর্য নির্মাণকাজের উদ্বোধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এই ভাস্কর্য অভিজিতের স্মৃতি এবং মতপ্রকাশের অধিকারের সাক্ষ্য হয়ে থাকবে। এটি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সব মত প্রকাশের মানুষের প্রতীক হয়ে থাকবে।

অভিজিৎ রায়ের বাবা অধ্যাপক অজয় রায় বলেন, অভিজিৎ রায়ের মৃত্যুর ঘটনা অসাম্প্রদায়িক প্রগতিশীল চিন্তাধারাকে নির্মূলের এক অপপ্রয়াস। ভিন্নমতের কণ্ঠকে রোধ করার যে প্রচেষ্টা, তার বিরুদ্ধে এই মুক্তচিন্তার ভাস্কর্য প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হবে।

এ সময় আরও বক্তব্য দেন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত ও ভাস্কর রাশা। ভাস্কর রাশা এই ভাস্কর্যটি নির্মাণ করবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি ভাস্কর্যটি উন্মোচন করা হবে। নির্মাণকাজের উদ্বোধন শেষে অতিথিরা ও বিভিন্ন সংগঠন অভিজিতের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।