অভিজিৎ হত্যা তদন্তে পুলিশের সহযোগিতায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্শিয়া বার্নিকাট।
মার্শিয়া বার্নিকাট।

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড তদন্তে পুলিশের সহযোগিতায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি ও পাচ্ছি, এতে আমরা সন্তুষ্ট।’ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে বলে তিনি আশা করেন।
আজ মঙ্গলবার রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রশিক্ষণ চত্বরে অনুষ্ঠিত এক কর্মসূচিতে বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বার্নিকাট এসব কথা বলেন।
হত্যাকাণ্ডে আসল খুনি ধরা পড়বে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বার্নিকাট বলেন, ‘আমরা খুবই সন্তুষ্ট যে তদন্তে আমরা একটা ভূমিকা রাখতে পেরেছি। আশা করছি, শেষ পর্যন্ত সত্য উদঘাটন হবে।’
ঢাকাকে জনবহুল শহর হিসেবে উল্লেখ করে বার্নিকাট বলেন, এখানে দ্রুত নগরায়ণ হচ্ছে। নগরায়ণের দ্রুতগতির সঙ্গে পরিকল্পনার সমন্বয় কম থাকায় ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে।
কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক রিয়াজ আহমেদ, ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। চাপাতির আঘাতে রক্তাক্ত হন তাঁর সঙ্গে থাকা স্ত্রী রাফিদা আহমেদও। বইমেলাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির মধ্যেই এ ঘটনা ঘটে।

প্রায় এক দশক আগে ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একইভাবে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন লেখক হুমায়ুন আজাদ। ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে একই কায়দায় খুন হন ব্লগার আহমেদ রাজীব হায়দার।

অভিজিৎ রায় ও রাফিদা আহমেদ যুক্তরাষ্ট্রপ্রবাসী। অভিজিৎ ‘মুক্তমনা’ ব্লগের সম্পাদক ও লেখক। ‘কুসংস্কার ও মৌলবাদের বিরুদ্ধে’ কাজের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে জাহানারা ইমাম পদক পায় মুক্তমনা। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায়ের ছেলে। রাফিদা আহমেদ লেখালেখি করেন বন্যা আহমেদ নামে। অভিজিৎ রায়ের প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে—আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী, মহাবিশ্বে প্রাণ ও বুদ্ধিমত্তার খোঁজে, স্বতন্ত্র ভাবনা: মুক্তচিন্তা ও বুদ্ধির মুক্তি, বিশ্বাসের ভাইরাস।

আরও পড়ুন: