
বিজ্ঞানবিষয়ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বলেছেন, ‘অভিজিৎ হত্যা পরিকল্পিত। বৈশ্বিক সন্ত্রাসবাদের সঙ্গে এই হত্যাকাণ্ডের সম্পর্ক আছে।’
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। গতকাল সোমবার এই সাক্ষাৎকারসংবলিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া না দেখানোয় রাফিদা আহমেদ তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘যে বিষয়টি আমাকে উদ্বিগ্ন করেছে সেটি হলো, সরকারের পক্ষ থেকে একজনও আমার কাছে এলেন না। মনে হয়, আমিও যেন নেই। আমার মনে হয়, সরকার জঙ্গিদের ভয় পায়। বাংলাদেশ কি আরেকটা পাকিস্তান বা আফগানিস্তান হতে যাচ্ছে?’

গত ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা চলাকালে ওই বইমেলা থেকে ফেরার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথের কাছে অভিজিৎকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা রাফিদা আহমেদও (বন্যা) আহত হন। হামলায় বাঁ হাতের বুড়ো আঙুল হারিয়েছেন রাফিদা।
সাক্ষাৎকারে রাফিদা তাঁর সঙ্গে অভিজিতের পরিচয় তাঁদের পরিণয়ের ঘটনাও জানান। ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসার আগে বিশ্বজিৎকে কেবল একবারই হুমকি দেওয়া হয়েছিল বলে জানান রাফিদা। তিনি বলেন, ‘আমরা জানতাম, এ দেশে সবকিছুই ঘটতে পারে। তাই আমরা সতর্ক ছিলাম। বিশ্বজিৎকে একবারই হুমকি দেওয়া হয়েছিল। তবে আমরা বিষয়টি ততটা গুরুত্ব দিইনি। পরিস্থিতি এমনটা হবে জানলে আমরা হয়তো যেতামই না।’
অভিজিৎ নিহত হওয়ার পর সরকারের ভূমিকার সমালোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, তাঁর মা ব্যক্তিগতভাবে অভিজিতের বাবাকে শোক জানিয়েছেন। আর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এমন যে এ বিষয়ে তাঁর প্রকাশ্যে কথা বলার মতো অবস্থা নেই।’
জয় বলেন, ‘আমাদের কেউ নাস্তিক বলুক এটা আমরা চাই না। আমাদের মৌলিক যে বিশ্বাস তা পরিবর্তিত হবে না। আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি।’ সজীব ওয়াজেদ বলেন, ‘আমাদের বিরোধীরা আমাদের বিরুদ্ধে সব সময় ধর্মের কার্ডটি খেলে। আমরা বিশ্বজিতের হত্যার বিষয়ে প্রকাশ্যে শক্ত অবস্থান নিইনি, এটি কেবল একটি ধারণা, বাস্তবতা নয়।’
প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের মুখপাত্র শামীম আহমেদকে উদ্ধৃত করে বলা হয়, ‘বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় আমরা শোকাহত। এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে আমরা সব ব্যবস্থাই নিয়েছি।’ শামীম আহমেদ বলেন, বাংলাদেশ জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সংকল্পবদ্ধ।