অভিজিৎ হত্যাকাণ্ড তদন্তে মার্কিন সহায়তা নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ড তদন্তে যুক্তরাষ্ট্রের সাহায্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত একুশে গ্রন্থমেলায় গত শনিবার প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা এই আহ্বান জানান।
নিউইয়র্কে ‘অভিজিৎ রায়ের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ/ প্রতিরোধের প্রত্যয়’ শীর্ষক সমাবেশে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথি কথাসাহিত্যিক আনিসুল হক বলেন, সন্ত্রাস ও অন্ধকারকে রুখতে পারে আলো। আলোর জন্য চাই জ্ঞান। তাই আমাদের অনেক বই পড়তে হবে।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন বলেন, জঙ্গিবাদ দমন করা জরুরি। সেটা করতে না পারলে অভিজিৎদের হারাতে হবে।
সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, হুমায়ুন আজাদ থেকে শুরু করে অভিজিৎ রায়কে যেভাবে খুন করা হয়েছে, তা একই রকম।
আরও বক্তব্য দেন ফেরদৌস সাজেদীন, নিনি ওয়াহেদ, সউদ চৌধুরী, নাজমুল আহসান, রতন তালুকদার, হাসান ফেরদৌস, তানভীর রাব্বানী প্রমুখ।
অভিজিৎ হত্যার প্রতিবাদে এদিন মেলার সব আনন্দ-উৎসব বাতিল করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে আসা অন্তত ২০ জন কবি প্রতিবাদী কবিতা আবৃত্তি করেন।
অভিজিতকে হত্যার প্রতিবাদে গতকাল বিকেলে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করে কলকাতার ভাষা ও চেতনা সমিতি। প্রতিবাদ সভায় বক্তারা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সমাবেশ শেষে সন্ধ্যায় রবীন্দ্র সদন চত্বরে অনুষ্ঠিত হয় মোমবাতি মিছিল।