অভিজিৎ হত্যাকাণ্ডের ঘটনায় আরও সাতজন শনাক্ত হয়েছে: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ঘটনায় আরও সাতজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, তাদের গ্রেপ্তারের জন্য কাজ করছে তারা।
পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, ‘এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কিছু মানুষ নানাভাবে জড়িত বলে তদন্তে বেরিয়ে এসেছে। তাদের মধ্যে সাতজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আমরা আশাবাদী, খুব শিগগির তাদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’ তিনি বলেন, যেসব আলামত আদালতের অনুমতি নিয়ে এফবিআইএর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, সেগুলোর প্রতিবেদন এখনো হাতে এসে পৌঁছায়নি। এ ছাড়া গ্রেপ্তারকৃত কারও কারও ডিএনএ নমুনা সংগ্রহ করে সেগুলো দেশের ল্যাবে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অভিজিৎ রায় হত্যা মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কারাগারে রয়েছে।
গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তাঁর স্ত্রী রাফিদা আহমেদকে গুরুতর জখম করা হয়। রাফিদাকে পরে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। এই দম্পতি যুক্তরাষ্ট্রের নাগরিক।